
Digital Library: সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭ তম প্রতিষ্ঠাদিবসে রাজ্যজুড়ে লাইব্রেরি আধুনিকীকরণের বড় ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর। মোবাইলের ক্লিকেই পড়া যাবে বই। তৈরি হচ্ছে শিশুদের ই-কর্নার। বই পড়ার ক্ষেত্রে সুবিধা হবে বয়স্কদের।
বীরভূম, সৌভিক রায়: এবার থেকে সরকারি গ্রন্থাগার হবে ডিজিটাল। মোবাইলের এক ক্লিকে জানা যাবে কোন গ্রন্থাগারে রয়েছে কোন বই, স্বশরীরে আসা সম্ভব না হলেও মোবাইল থেকেই তা পড়ে নেওয়া যাবে খুব সহজে। এছাড়াও শিশুদের জন্য থাকবে ই-কর্নার। প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংও দেওয়া হবে বিনামূল্যে। গ্রন্থাগারের আধুনিকীকরণ নিয়ে একগুচ্ছ ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর। পাশাপাশি গ্রন্থাগার থেকে বই নিয়ে যাওয়ার পর সেই বই ফেরত না দেওয়া-নিয়েও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
সিউড়ির প্রাচীন বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সেই জন্ম দিবসের অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী গৌরী শংকর ঘোষ। ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন ও পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানেই রাজ্যের গ্রন্থাগারগুলিকে নিয়ে একগগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেন গ্রন্থাগার মন্ত্রী। পাশাপাশি গ্রন্থাগার থেকে বই নিয়ে যাওয়ার পর সেই বই ফেরত না দেওয়া-নিয়েও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।’
গ্রন্থাগার মন্ত্রী গৌরী শংকর ঘোষ বলেন “চেষ্টা করব সরকারি এবং প্রাচীন গ্রন্থাগারগুলিকে আধুনিকীকরণ করার। তিনি আরও বলেন, আমরা আধুনিক হচ্ছি। কিন্তু আধুনিক হতে গিয়ে সেই সংস্কৃতিটাকে যদি ভুলে যায়, তাহলে সেই আধুনিক হওয়ার কোনও মূল্য থাকবে না। তাই আগামী দিনে যেন লাইব্রেরিগুলিতে যে দুষ্প্রাপ্য বইগুলি রয়েছে, সেগুলিকে যেন আমরা ডিজিটালাইজড করতে পারি সেই চেষ্টা করব। এছাড়াও পাঁচ থেকে ছয় বছরের ঊর্ধ্বের বাচ্চাদের জন্য আরও একটা ডিজিটালাইজ লাইব্রেরি করা হবে। যেখানে কম্পিউটার ল্যাপটপ এর মত ডিভাইস থাকবে। যে ধরনের গল্প তারা পড়তে পছন্দ করে, সেই ধরনের গল্পের বই তারা খুঁজে দেখতে বা পড়তে পারবে।”
(Feed Source: news18.com)
