
Nandan Nilekani: IIT Bombay-র কাছে কৃতজ্ঞতা, পড়াশোনা শেষের ৫০ বছর পর ৩১৫ কোটির ‘রিটার্ন গিফট’ নন্দন নীলেকানির।
মুম্বই: দেশের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি তাঁর পুরোনো প্রতিষ্ঠান IIT Bombay-কে ৩১৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। কোনও ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তন ছাত্রের দেওয়া অনুদানের ক্ষেত্রে এটি এখনও পর্যন্ত অন্যতম বড় অবদান বলে মনে করা হচ্ছে।
IIT Bombay থেকে পড়াশোনা শেষ করার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই বড় অনুদানের ঘোষণা করেন নন্দন নীলেকানি। তাঁর এই আর্থিক সহায়তা প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। IIT Bombay-এর জন্য নন্দন নীলেকানির এই অবদান অবশ্য প্রথম নয়। এর আগেও তিনি প্রতিষ্ঠানটিকে ৮৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
নতুন ৩১৫ কোটি টাকা যোগ হলে IIT Bombay-তে তাঁর মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪০০ কোটি টাকা। প্রতিষ্ঠানের পরিকাঠামো এবং গবেষণার ক্ষেত্রে এই অর্থ বড় ভূমিকা রাখবে বলে মনে করছে IIT Bombay কর্তৃপক্ষ।
IT Bombay-এর তরফে জানানো হয়েছে, এই অর্থ দিয়ে আধুনিক পরিকাঠামো তৈরি, অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা এবং ইঞ্জিনিয়ারিংয়ের নতুন নতুন ক্ষেত্রে গবেষণার কাজ আরও শক্তিশালী করা হবে।
পাশাপাশি, স্টার্টআপ এবং নতুন উদ্ভাবনের জন্য আরও উন্নত ইকোসিস্টেম গড়ে তুলতেও এই অর্থ ব্যবহার করা হবে। IIT Bombay-এর অধিকর্তা অধ্যাপক শুভাশিস চৌধুরী জানিয়েছেন, নীলেকানির এই অবদান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গতি দেবে। একইসঙ্গে আন্তর্জাতিক স্তরে IIT Bombay-এর গবেষণার ক্ষমতাও আরও শক্তিশালী হবে।
‘এই প্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি’
অনুদানের ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তাও দিয়েছেন নন্দন নীলেকানি। তিনি জানিয়েছেন, IIT Bombay তাঁর কাছে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়। তাঁর ব্যক্তিত্ব এবং কর্মজীবনের ভিত গড়ে উঠেছিল এই প্রতিষ্ঠানেই। নীলেকানির কথায়, এই আর্থিক সহায়তা শুধুমাত্র অর্থ দেওয়ার বিষয় নয়, বরং যে প্রতিষ্ঠান তাঁকে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। আগামী প্রজন্মের পড়ুয়ারা এই সহায়তার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
IT Bombay থেকে Infosys
১৯৫৫ সালের ২ জুলাই কর্ণাটকে জন্ম নন্দন নীলেকানির। ১৯৭৩ সালের ব্যাচে IIT Bombay থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তিনি। পড়াশোনা শেষ করার পর কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি Infosys-এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হয়ে ওঠেন। ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তোলার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। IIT Bombay-এর সঙ্গে ৫০ বছরের সম্পর্ককে স্মরণীয় করে তুলতেই এবার প্রতিষ্ঠানটির জন্য এত বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা করলেন নন্দন নীলেকানি।
(Feed Source: news18.com)
