জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা খারঘরে

জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা খারঘরে

 

মুম্বই: জেরক্সের দোকান থেকে উদ্ধার ৩৪০০ SIR ফর্ম। সেই নিয়ে তুলকালাম মহারাষ্ট্রে। দফায় দফায় সংঘর্ষ বাঁধল বিজেপি এবং শিবসেনার (উদ্ধব ঠাকরে) মধ্যে।  গোটা ঘটনায় পাঁচ বুথ লেভেল অফিসারকে (BLO) সাসপেন্ড করা হল। এক বিজেপি নেতা দোকানে SIR ফর্ম ফোটোকপি করাতে যান। আর তাতেই ধুন্ধুমার বাঁধে বলে বলে জানা যাচ্ছে। (SIR Forms Recovered from BJP Leader)

নবী মুম্বইয়ের খারঘরের ঘটনা। শুক্রবার সেক্টর ১৯-এর একটি জেরস্কের দোকান থেকে ৩৪০০ SIR-এর অনুমারেশন ফর্ম উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সেগুলি পানভেল বিধানসভা কেন্দ্রের ভোটাররা ফিলআপ করেছিলেন। বিজেপি এক যুবনেতা সেগুলি ফোটোকপি করাতে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। (SIR Forms Recovered)

বিজেপি-র ওই যুবনেতার নাম সূর্য পাটিল। তাঁর কাছে কী করে হাজার হাজার ফর্ম পৌঁছল, তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়দের অনেকে। এর পরই পরিস্থিতি তেতে ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় শিবসেনা-উদ্ধব। সূর্যকে ঘিরে ধরেন তাঁরা। কোথা থেকে অত ফর্ম পেলেন, প্রশ্ন করতে শুরু করেন। এর পর ঘটনাস্থেল পৌঁছন বিজেপি কর্মীরাও। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

পানভেলের এক বিজেপি নেতা গোটা ঘটনায় দলের সংযোগ যদিও অস্বীকার করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ দেখা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। 

A BJP leader from Panvel said that the party workers had no connection with the matter.সূর্যকে হেফাজতে নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় ৩৪০০ ফর্মও। কিন্তু শিবসেনা-উদ্ধবের দাবি, থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সূর্যকে। রাইগড় জেলার জেলাশাসক কে জাওয়ালে জানান, সূর্যর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সাসপেন্ড করা হয়েছে পাঁচ BLO-কে। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

যে ৩৪০০ ফর্ম উদ্ধার করা হয়েছে, তার অধিকাংশই ১১টি বুথ থেকে জমা পড়ে বলে জানা গিয়েছে। আরও ছয়টি বুথের ফর্মও ছিল। শিবসেনা-উদ্ধব নেতা বলেশ ভোজানে প্রশ্ন তুলেছেন, ভোটারদের পূরণ করা ফর্ম বিজেপি নেতার হাতে গেল কী করে? বিজেপি নেতৃত্ব বিষয়টি জানতেন বলেও অভিযোগ তাঁর। যদিও পানভেল পুরসভার মেয়র তথা বিজেপি নেতা নিতিন পালের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও সংযোগ নেই। 

মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র লোন্ধে পাটিল বলেন, “নবী মুম্বইয়ের খারঘরে জেরক্সের দোকান থেকে হাজার হাজার SIR-এর অরিজিনাল ফর্ম উদ্ধার হয়েছে। ফোটোকপি করানো হচ্ছিল। দোকানদারকে জিজ্ঞাসা করলে তিনি ফোন নম্বর দেন। ফোন করে জানা যায়, বিজেপি-র যুবনেতা সেগুলি দিয়ে গিয়েছেন। SIR-এর ফর্ম ওঁর হাতে গেল কী করে?”

অন্য দিকে NCP (শরদ পওয়ার) বিধায়ক রোহিত পওয়ার এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। শুধুমাত্র BLO-দের সাসপেন্ড করলেই হবে না বলে দাবি তাঁর। রোহিতের বক্তব্য, “আমরা গোড়া থেকে বলে আসছি, বিজেপি SIR-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, যাতে নির্বাচনে জয় অব্যাহত থাকে। এই ঘটনা আবারও তা প্রমাণ করল। শুধু BLO-দের সাসপেন্ড করলেই হল না। যার বা যাদের নির্দেশে ওই বিজেপি নেতা ফর্ম নিয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করতে হবে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে নিতে হবে ব্যবস্থা।” এই ঘটনা ধরা পড়লেও, আরও বহু ঘটনা চোখে পড়েনি বলেও সন্দেহ করছেন তিনি। এ ব্যাপারে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া চেয়েছেন রোহিত।