
ওজন কমিয়েছেন অনেকটাই, কী প্রতিক্রিয়া পেলেন টলি তারকাদের কাছ থেকে?
আজ রাখীপূর্ণিমা। এদিন বাড়িতেই পুজো ও রাখীর উৎসব পালন করলেন অভিনেত্রী। পাশাপাশি তিনি জানালেন, দীর্ঘদিন পরে পর্দার সামনে ফিরে তাঁর যেমন ভাল লাগছে, তেমনই তিনি বহু মানুষের থেকে প্রশংসাও পাচ্ছেন। অভিনেত্রী এদিন বলেন, ‘বুম্বাদার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে অনেকদিন পরে দেখা হল। আমি এতটা ওজন কমিয়েছি দেখে ভীষণ উৎসাহ দিলেন। আমি গিয়ে প্রণাম করলাম ওঁকে। বুম্বাদার সঙ্গে যখনই দেখা হয়, উনি ভীষণ উৎসাহ দেন। যীশু তো আমায় দেখে বলল, ‘তোমার বয়সের কাঁটাটা কি উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছো? একেবারে ১৬ বছর দেখাচ্ছে তোমায়।’ সবচেয়ে ভাল বলেছে ঐন্দ্রিলা, ওকে তো অনেক ছোট থেকে দেখে আসছি। ও আমায় বলছে, ‘তুমি তো এখনকার অভিনেত্রীদের ও টক্কর দেবে..’ আমি ওকে বললাম, ‘চুপ চুপ.. আমাদের বয়স হয়ে গিয়েছে। তবে আমি ফিট থাকার চেষ্টা করছি এখন।’
কোন ম্যাজিকে ফ্যাট থেকে ফিট ইন্দ্রাণী?
এখানেই শেষ নয়, ইন্দ্রাণী হালদার আরও বলেন, ‘কিছু মানুষ রয়েছেন, যাঁরা নিন্দা করার জন্য বসে থাকেন। ভালবাসা তো দিতে পারেন না। কিন্তু বোঝেন না, খারাপ কথা লিখলে আমাদের ও কষ্ট হয়। আমরা তো মানুষ। ওজন বেড়ে যাওয়ায় ঘর থেকে বেরনো বন্ধ করে দিয়েছিলাম। নিজের চোখে নিজেকে আর ভাল লাগত না। এখন জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করি। কড়া প্রোটিন ডায়েটে রয়েছি। সমস্তরকম কার্বোহাইট্রেট খাওয়া ছেড়ে দিয়েছি। আমার স্বামী আমায় ভীষণ উৎসাহ দেন, খুব নিয়মানুবর্তিতার জীবন কাটাই এখন।’
ইন্দ্রাণী হালদার আরও বলেন, ‘মোটা হয়ে যাওয়া নিয়ে কটাক্ষ শুনেছিলাম। এখন রোগা হওয়ার পরেও মানুষ বলছেন, আমার নাকি ক্যানসার হয়েছে। কেউ বলছেন ডায়াবেটিস হয়েছে। আমি সবাইকে বলতে চাই, এসব রোগ আমার নেই। আমি একেবারে সুস্থ, আরও অনেকদিন বাঁচব।’
(Feed Source: abplive.com)
