)
হরিয়ানার পানিপথ টোল প্লাজায় গাড়ি দুর্ঘটনায় ‘দ্য গ্রেট খালি’। রাতারাতি ভিডিয়ো ভাইরাল হয়েছে। কেমন আছেন এখন এই কিংবদন্তি রেস্টলার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানার পানিপথে গত শনিবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েন প্রাক্তন পেশাদার কুস্তিগীর দলিপ সিং রানা। যিনি বিশ্বজুড়ে তাঁর রিং নাম ‘দ্য গ্রেট খালি’ নামেই পরিচিত। এক টোল প্লাজায় তাঁর সাদা ফর্চুনার গাড়িটি সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কা লাগায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিয়ো ফুটেজ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তাঁর ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। এরপরই ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তা দিয়ে খালি সবাইকে আশ্বস্ত করেন যে একেবারে সুস্থ আছেন। ঘটনাটিকে একটি ছোটখাটো দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করেন WWE কিংবদন্তি। সকলকেই জানিয়ে রাখা ভালো যে, খালির চিন্তার মতো গুরুতর কিছু ঘটেনি এবং তিনি সম্পূর্ণ নিরাপদেই আছেন।
ভিডিয়ো বার্তায় কী বললেন খালি?
‘গতকাল আমি একটি গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম। এরপর থেকেই আমার খোঁজখবর নিতে অনেকেই ফোন ও মেসেজ করছেন। তবে সব কিছু ঠিকঠাক আছে। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আপনাদের এবং ঈশ্বরের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। সামান্য দুর্ঘটনা ছিল। তাই আমি এই বিষয়টি নিয়ে কাউকেই কিছু বলিনি বা বড় করে দেখাতে চাইনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে পড়ায় আমি বিষয়টি পরিষ্কার করতে চাইলাম। আমি ভালো আছি। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।’
দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন খালি
দুর্ঘটনার স্থানের ভিডিয়োতে খালির ফর্চুনার গাড়ির সামনের অংশে দৃশ্যমান ক্ষতি দেখা যাচ্ছে। তবে খালিকে ঘটনাস্থল থেকে হেঁটে একটি কালো স্করপিও গাড়িতে উঠতে দেখা যায়। চালক খালিকে গাড়িতে ঠিকঠাক ভাবে বসার সুযোগ দিয়ে তবেই গাড়িটি নিয়ে রওনা হন। ভিডিয়ো ফুটেজ থেকে বোঝা যায় যে, এই সংঘর্ষে খালি কোনও আঘাতই পাননি।
তিনি দিব্য় সুস্থ আছেন।
খালির বর্ণময় কেরিয়ার
ডব্লিউডব্লিউই-তে খালির বর্ণময় কেরিয়ার ছিল। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৪ সাল থেকে তিনি সক্রিয় প্রতিযোগিতা থেকে সরে আসেন এবং ভারতের তরুণ কুস্তিগিরদের সহায়তা করার কাজে নিয়োজিত রয়েছেন। ২০২১ সালে তাঁকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। খালি কুস্তির বাইরেও অভিনয়ও করেন। ‘বিগ বস’ এর মতো রিয়ালিটি শো মাতিয়েছেন ৭ ফুট ৩ ইঞ্চির খালি।
(Feed Source: zeenews.com)
