জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিমলা-কালকা টয় ট্রেন রুটে শনিবার কোটি এবং ঘুম্মান স্টেশনের মধ্যবর্তী ৫৭ নম্বর সেতুর কাছে ভূমিধস হয়। এর জেরে সিমলা-কালকা রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনার পরে উত্তর রেলওয়ে (এনআর) তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং বিকল্প হিসেবে সড়ক পরিবহণের ব্যবস্থা করে। যাতে ৪০০ জনেরও বেশি যাত্রী তাঁদের ট্যুর চালিয়ে যেতে পারেন। এক বিবৃতিতে আঞ্চলিক এই রেলওয়ে জানিয়েছে, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য রেলপথের অংশ সিমলা-কালকা সেকশনের ৭/১৬-১৭ কিলোমিটারে এই ভূমিধস ঘটেছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চারটি ট্রেনকে নিকটবর্তী স্টেশনগুলিতে সাময়িক থামিয়ে দেওয়া হয়েছে।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কমবেশি ৪০০ পর্যটক। UNESCO World Heritage সিমলা-কালকা টয়ট্রেনের লাইনে পাহাড় থেকে ধস নেমে ব্যাহত রেল চলাচল। রেলসূত্রে খবর, শনিবার রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল সিমলায়। শনিবার রাতেই ঘটনাটি ঘটেছে কোটি এবং ঘুম্মান স্টেশনের কাছে ৫৭ নম্বর ব্রিজের কাছে। রবিবার নর্দান রেলের তরফে বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার পরে কালকা থেকে ৩৯১ জন যাত্রী এবং ৪০ জন রেলকর্মীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রেলসূত্রে জানা গিয়েছে, পাঁচটি বাস এবং দু’টি টেম্পোতে করে পর্যটক এবং রেলকর্মীদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোলান, কোটি এবং ধরমপুর থেকে উদ্ধার করা হয় পর্যটকদের। বেশিরভাগ পর্যটকদেরই গাড়িতে করে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। বাকি ১২০ জন পর্যটকের জন্য রাত দেড়টা নাগাদ একটি বিশেষ ট্রেন চালানো হয়। রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কোনও সমস্যা ছাড়াই যাত্রী এবং রেলকর্মীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনাও ঘটেনি বলেও জানিয়েছে রেল।
(Feed Source: zeenews.com)