Anna Hazare Health Update: ভাইরাল সংক্রমণের সঙ্গে ডিহাইড্রেশন, গুরুতর অসুস্থ অন্না হাজারে! আইসিইউ-তে চিকিৎসাধীন প্রবীণ সমাজকর্মী

Anna Hazare Health Update: ভাইরাল সংক্রমণের সঙ্গে ডিহাইড্রেশন, গুরুতর অসুস্থ অন্না হাজারে! আইসিইউ-তে চিকিৎসাধীন প্রবীণ সমাজকর্মী

কিছুদিন আগে দিল্লির যন্তরমন্তরে ছাত্র আন্দোলনের সময়ও পড়ুয়াদের দাবিগুলিকে সমর্থন জানিয়ে সরব হয়েছিলেন অন্না হাজারে৷ প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন তিনি৷

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ সমাজকর্মী অন্না হাজারে৷ জানা গিয়েছে মুম্বাইয়ের বম্বে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ সমাজকর্মী৷ প্রথমে তাঁকে মহারাষ্ট্রে তাঁর গ্রাম রালেগাঁ সিদ্ধির একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু অন্না হাজারের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বাইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, তীব্র ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রবীণ এই সমাজকর্মীর শরীর জলশূন্য হয়ে পড়েছে৷ বম্বে হাসপাতালে চিকিৎসক গৌতম বনশালির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
আপাতত অন্না হাজারেকে পর্যবেক্ষণে রেখেছে মেডিকেল টিম৷ একটি কার্ডিয়াক অ্যাম্বুল্যান্সে করে অন্না হাজারেকে তাঁর গ্রাম থেকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে আসা হয়৷ ইতিমধ্যেই তাঁর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে৷ চিকিৎসক গৌতম বনশালি জানিয়েছেন, শারীরিক এই পরীক্ষাগুলির ফলাফল কী হবে তার উপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে৷
২০১১ সালে দুর্নীতি বিরোধী আন্দোলন থেকেই গোটা দেশে প্রথমবার জনপ্রিয় হয়ে উঠেছিলেন অন্না হাজারে৷ মহারাষ্ট্রে অবশ্য কয়েক দশক ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সমাজকর্মী হিসেবে ততদিনে যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অন্না হাজারে৷ স্বভাবতই প্রবীণ এই সমাজকর্মীর শারীরিক অবস্থা নিয়ে তাঁর অনুগামীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে৷
সম্প্রতি, নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শুরু হওয়া ছাত্র আন্দোলনকেও সমর্থন জানিয়েছিলেন অন্না হাজারে৷ গত ২০ জুলাই সংসদ অভিযানের সময় বিক্ষোভকারী পড়ুয়াদের উপরে পুলিশের বলপ্রয়োগেরও নিন্দা করেছিলেন অন্না হাজারে৷ এর পরেই আন্দোলনকারী পড়ুয়াদের দাবিদাওয়াগুলি শোনার জন্য এবং সেগুলির সমাধান করার জন্য আলোচনা শুরু করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছিলেন প্রবীণ এই সমাজকর্মী৷
(Feed Source: news18.com)