)
“বাবা ভুল করেছিলেন, প্রায়শ্চিত্তও করেছেন…” সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জমকালো সূচনা ‘বিগ বস বাংলা’র! প্রথম দিনেই প্রয়াত বাবা তাপস পালের কথা স্মরণ করে আবেগে ভাসলেন কন্যা সোহিনী পাল। তবে বিতর্ক নয়, নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতেই এই কঠিন লড়াইয়ের ময়দানে তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবাসরীয় সন্ধ্যায় এক ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল বিনোদনের নতুন ঠিকানা ‘বিগ বস বাংলা’র। সঞ্চালক হিসেবে চেনা মেজাজে ধরা দিলেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। আলো ঝলমলে এই উদ্বোধনী মঞ্চেই তৈরি হল এক তীব্র আবেগঘন মুহূর্ত, যখন প্রতিযোগী হিসেবে উপস্থিত হলেন প্রয়াত প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদের তাপস পালের কন্যা সোহিনী পাল। বাবার স্মৃতিতে আবেগাপ্লুত হলেও নিজের বক্তব্যে আত্মবিশ্বাসের স্পষ্ট ছাপ রেখে সোহিনী জানিয়ে দিলেন, অতীত নিয়ে পড়ে থাকা নয়, বরং নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতেই তাঁর এই নতুন যাত্রা।
মঞ্চে সোহিনীর উপস্থিতিতেই স্বাভাবিকভাবেই উঠে আসে তাঁর বাবা তাপস পালের প্রসঙ্গ। বাবার প্রয়াণের পর মুম্বই ছেড়ে বর্তমানে কলকাতায় এসে মায়ের সঙ্গেই পাকাপাকিভাবে থাকছেন তিনি। বিগ বসের এই কঠিন প্রতিযোগিতায় পা রাখার আগে মানসিকভাবে কতটা প্রস্তুত, সঞ্চালক সৌরভের এমন প্রশ্নে সোহিনী তাঁর বাবার একটি প্রিয় পরামর্শ স্মরণ করেন। তিনি জানান, বাবা বলতেন “অবস্থা দেখে ব্যবস্থা করে নিতে হয়।” পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার এই শিক্ষা দিয়েই তিনি বিগ বসের চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবেলা করতে তৈরি।
বাবার জীবনের রাজনৈতিক বিতর্কের ছায়া তাঁদের পরিবারকে নানাভাবে স্পর্শ করেছে—একথা অস্বীকার করেননি সোহিনী। অত্যন্ত সাহসিকতা ও নিরপেক্ষতার সাথে তিনি মঞ্চে জানান, “বাবা অনেক ভালো কাজ করেছেন, তা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কিছু ভুলও করেছেন এবং তাঁর প্রায়শ্চিত্তও করেছেন।” সেই সাথে তিনি স্পষ্ট করে দেন যে, কারো রাজনৈতিক বা অতীত বিতর্ক তাঁর লক্ষ্যকে দমিয়ে রাখতে পারবে না।
সোহিনীর এই অকপট স্বীকারোক্তি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। তিনি জানান, তাপস পালের কন্যা হওয়া তাঁর গর্বের পরিচয় হলেও, তিনি শুধু সেই পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না। সোহিনীর কথায়, “আমি তাপস পালের মেয়ে, এটা আমার পরিচয়ের একটা বড় অংশ। কিন্তু আমি এখানে অতীত পাল্টাতে আসিনি, ভবিষ্যৎ সুন্দর করতে এসেছি। তাপস পালের মেয়ের বাইরেও আমার যে একটা আলাদা অস্তিত্ব আছে, সেটা প্রমাণ করতেই আমার এই আগমন। আমি মানুষের ঘরের মেয়ে হয়ে উঠতে চাই।”
সোহিনী পালের এই দৃঢ় মানসিকতা ও স্পষ্ট বক্তব্য উদ্বোধনী দিনেই বিগ বসের ঘরের সমীকরণকে বেশ নজরকাড়া করে তুলেছে। আগামী তিন মাস বাইরের পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে ১৭ জন প্রতিযোগী টিকে থাকার এই লড়াইয়ে নিজেদের উজাড় করে দেবেন।
উল্লেখ্য, সোহিনী ছাড়াও এবারের বিগ বস বাংলায় অংশ নিয়েছেন টলিউড ও বিনোদন জগতের একঝাঁক পরিচিত মুখ। অভিনয় জগত থেকে রয়েছেন ভরত কল, অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী, সৃজলা গুহ, নন্দিনী দত্ত ও মনামী ঘোষ। সংগীত জগত থেকে যোগ দিয়েছেন দুর্নিবার সাহা, ক্রিয়াঙ্গন থেকে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল (লাফটারসেন), বিদেশি মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর এবং জলপাইগুড়ির ব্যবসায়ী তনুশ্রী রায় দাস। বিনোদন, ড্রামা ও আবেগের এই মেলবন্ধন কীভাবে মোড় নেয়, এখন সেটাই দেখার।
(Feed Source: zeenews.com)
