ভূতের ভবিষ্যৎ, গয়নার বাক্সের শুটিং হয়েছে এখানেই…, জঙ্গলের মাঝে রাজবাড়ি, চারপাশে টুকরো টুকরো ইতিহাস! বর্ষায় ঘুরে আসুন

ভূতের ভবিষ্যৎ, গয়নার বাক্সের শুটিং হয়েছে এখানেই…, জঙ্গলের মাঝে রাজবাড়ি, চারপাশে টুকরো টুকরো ইতিহাস! বর্ষায় ঘুরে আসুন

Offbeat Tourist Destination: ঝিরঝিরে, রিমঝিম বৃষ্টিতে একটু অন্যরকম, শান্ত এবং ইতিহাসসমৃদ্ধ জায়গা খুঁজছেন? তাহলে আপনার জন্য আউশগ্রাম হতে পারে একেবারে সেরা ঠিকানা।

আউশগ্রাম: বর্ষার মেঘলা আকাশ, জঙ্গলের সবুজে ভেজা পথ আর তারই মাঝে কয়েকশো বছরের পুরনো জমিদারবাড়ি, সব মিলিয়ে বর্ষায় আউশগ্রাম যেন হয়ে ওঠে একেবারে অন্যরকম। শহরের কোলাহল থেকে খানিকটা দূরে প্রকৃতির কোলে ইতিহাসকে ছুঁয়ে দেখতে চাইলে আউশগ্রামের কালিকাপুর হতে পারে দারুণ এক গন্তব্য। পশ্চিম বর্ধমানের সীমানা ঘেঁষা জঙ্গলের মধ্যে ছড়িয়ে থাকা কালিকাপুরের জমিদারবাড়ি, মন্দির আর পুরনো স্থাপত্য বর্ষার সবুজে আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
ইতিহাসবিদদের মতে, কালিকাপুরের এই বাড়ি মূলত একটি জমিদারবাড়ি। অজয়ের বন্যার কারণে পুরনো বসতি থেকে জমিদার পরিবারের বাড়ি স্থানান্তরিত হয়ে কালিকাপুরে গড়ে ওঠে এই বিশাল স্থাপত্য। সাত ভাইকে কেন্দ্র করে তৈরি সাতমহলা বাড়ি, দুর্গামন্দির, রাধামাধবের মন্দির এবং পাশের নীলকুঠি আজও সেই সময়ের ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। ইতিহাসের পাশাপাশি এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা ও হিন্দি সিনেমার স্মৃতিও।
মৃণাল সেনের খণ্ডহর থেকে শুরু করে একাধিক সিনেমার শুটিং হয়েছে এই এলাকায়। অমিতাভ বচ্চন-সহ বহু তারকারও পা পড়েছে এই শুটিং স্পটে। কালিকাপুরে শুধু জমিদারবাড়ি দেখেই ফিরে আসার নয়। বাড়ির অন্দরমহল, দুর্গাবাড়ি, দুর্গাদালান এবং পুকুরের খিড়কি পাড়ের পুরনো মহলবাড়ি ঘুরে দেখা যায়। এই এলাকাতেই ভূতের ভবিষ্যৎ এবং গয়নার বাক্স-এর মতো সিনেমার শুটিং হয়েছে বলে জানা যায়। একদিনের ভ্রমণেই প্রকৃতি, ইতিহাস, স্থাপত্য এবং সিনেমার স্মৃতি, সবকিছুর স্বাদ মিলতে পারে এই জায়গায়।
সাহিত্যিক রাধামাধব মণ্ডল বলেন, “দুর্গাবাড়ি এবং এই দুর্গামণ্ডপে-কে কেন্দ্র করে এবং এই সাতমহলা বাড়িকে কেন্দ্র করে পরমানন্দ রায়ের এই জমিদার পরমানন্দ রায়ের এই যে মহলা বাড়ি, তাকে কেন্দ্র করে একাধিক ছবি শুটিং হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন ছবির শুটিং হয়েছে। আমার গণনায় এখানে শুটিং হয়েছে প্রায় ৪৪৫টি ছবির। মৃণাল সেনের খণ্ডহরের যেমন শুটিং হয়েছে, সুজয় ঘোষের তিন ছবিরও শুটিং হয়েছে। অমিতাভ বচ্চন এখানে এসেছেন শুটিং করতে। শুধু তাই নয়, আপনারা এখানকার কেন্দ্র করে এই যে শুটিং স্পট ঘুরে দেখতে পারেন।”
আরও একটু এগোলেই আউশগ্রামের জঙ্গলের মধ্যেই ভালকি মাচান। কথিত আছে, প্রাচীনকালে এখান থেকে বিস্তীর্ণ জঙ্গলের উপর নজর রাখা হত। ছোট ইটের তৈরি সেই পুরনো মাচান আজও ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে। রয়েছে জলাশয়, নৌকাবিহারের সুযোগ এবং থাকা-খাওয়ার ব্যবস্থাও। সবুজ জঙ্গলের পথ ধরে কালিকাপুর থেকে ভালকি মাচান বর্ষার দিনে এই পথটুকুও হয়ে উঠতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণ।
বর্ষায় তাই দূরে কোথাও যাওয়ার আগে একবার ঘুরে আসা যেতেই পারে আউশগ্রামের এই জায়গা থেকে। ভেজা মাটির গন্ধ, জঙ্গলের সবুজ, পুরনো জমিদারবাড়ির নীরবতা, মন্দিরের স্থাপত্য আর সিনেমার পরিচিত দৃশ্য, সব মিলিয়ে এখানে ভ্রমণ মানে শুধু বেড়ানো নয়, যেন একসঙ্গে ইতিহাস আর প্রকৃতির পাতায় হাঁটা। যারা বর্ষায় একটু অন্যরকম, শান্ত এবং ইতিহাসসমৃদ্ধ জায়গা খুঁজছেন, তাঁদের জন্য আউশগ্রাম হতে পারে একেবারে সেরা ঠিকানা। পূর্ব বর্ধমান জেলার গুসকরা স্টেশনে নেমে সহজেই যাওয়া যাবে এই জায়গায়।
(Feed Source: news18.com)