
Parent Communication System: শান্তিপুরের কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে চালুর হল RFID ডিজিটাল হাজিরা এবং পেরেন্ট কমিউনিকেশন সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে রিপোর্ট কার্ড দেখা, অনলাইন মূল্যায়ন এবং সার্বিক অ্যাকাডেমিক পরিস্থিতির ওপর নজর রাখতে পারবেন অভিভাবকরা।
শান্তিপুর, মৈনাক দেবনাথ: প্রাথমিক শিক্ষায় আধুনিকতার ছোঁয়া। শান্তিপুরের কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে চালু হল আরএফআইডি ডিজিটাল হাজিরা ও স্মার্ট স্কুলিং ব্যবস্থা। শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নদিয়ার সর্বানন্দীপাড়ার কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়ে গেল অত্যাধুনিক ‘ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট’ এবং ‘পেরেন্ট কমিউনিকেশন সিস্টেম’।
মঙ্গলবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শান্তিপুরের বিধায়ক শিক্ষক স্বপন কুমার দাস এবং শান্তিপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জনাব সেলিম দফাদারের উপস্থিতিতে এই অভিনব ব্যবস্থার সূচনা হয়। এই উদ্যোগের ফলে এখন থেকে বিদ্যালয়ে প্রবেশ কিংবা ছুটির পর প্রস্থান করলেই আরএফআইডি (RFID) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় বার্তা চলে যাবে অভিভাবকদের মোবাইলে।
যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা নেবে। পাশাপাশি স্কুল ইআরপি (ERP) ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিভাবকরা ঘরে বসেই শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল জানা, রিপোর্ট কার্ড ডাউনলোড এবং প্রয়োজনে অনলাইন মূল্যায়নে অংশগ্রহণের মতো যাবতীয় অ্যাকাডেমিক পরিষেবা ও তথ্য আদান-প্রদানের সুবিধা পাবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতীম সেন জানান, প্রযুক্তিকে কেবল প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বাস্তব উপকারে প্রয়োগ করতেই এই আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যা আজকের সূচনার পর সমগ্র শান্তিপুর এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
(Feed Source: news18.com)
