)
Rhiya Ahir Bigg Boss 20: নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের সময়ে রাতারাতি আলোচনায় উঠে এসেছিলেন রিয়া আহির। এবার ‘বিগ বস’-এর ঘরে তিনি। রিয়ার রিয়ালিটি শোয়ে আসার সিদ্ধান্তের জেরে সমালোচনার ঝড় নেটপাড়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত জুলাইয়ের ঘটনা। সারা দেশ জুড়ে নিট প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন হচ্ছিল। আর আরবসাগরের তীরে মুম্বইতেও আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল। বৃষ্টিস্নাত মুম্বইতে হাত দিয়ে প্রিজন ভ্যান থামিয়ে, রাস্তা আটকে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ছবি। নিট প্রশ্নফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টির ব্যানারে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও শিবসেনা ভবনের মতো একাধিক স্থানে পড়ুয়ারা বিক্ষোভ সামিল হয়েছিলেন, পুলিস পড়ুয়াদের আটক করছিল। ভ্যানে করে তাঁদের নিয়ে যাওয়ার সময়ই রাস্তা আটকান ২৭ বছরের সুন্দরী রিয়া আহির। সেই ভাইরাল কন্যাই এবার ‘বিগ বস’-এর ঘরে। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হওয়া রিয়ার রিয়ালিটি শো-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছে না নেটপাড়া! অনলাইনে তুমুল সমালোচিত হচ্ছেন তিনি।
বিগ বস’-এর ঘরে রিয়ার এন্ট্রির আগেই ঝড়
রিয়ার ঘরে ঢোকা এখনও কিন্তু নিশ্চিত নয়। তবে শোয়ের নির্মাতারা দর্শকদের সিদ্ধান্তের অংশ হিসেবে রিয়া এবং লাভ গিলের মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন দর্শকদের। যার অর্থ অনলাইনে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনিই ‘বিগ বস’-এর ঘরে ঢোকার সুযোগ পাবেন। এখন জোর গুঞ্জন যে, প্রিমিয়ারের রাতেই রিয়া ‘বিগ বস ২০’-র ঘরে পা রাখবেন। রিয়ার শোয়ে অংশগ্রহণ নিয়ে নেটপাড়া বিভক্ত এবং অনেকেই তাঁর এই শোয়ে আসার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি বিনোদন সংক্রান্ত খবরের এক জনপ্রিয় ওয়েবসাইট রিয়ার সঙ্গে কথা বলেছিল। সেখানেই রিয়া ‘বিগ বস’ নিয়ে কথা বলেছেন। তাঁর বক্তব্য, ‘দেখুন আমি বরাবরই কৌতূহলী স্বভাবের মানুষ। এখনও তেমনই আছি। ছোটবেলায় আমার মা-বোন ‘বিগ বস’ দেখত, আর আমাদেরও তখন তাঁদের সঙ্গে বসে তা দেখতে হত। এত বড় একটি প্রোডাকশন কীভাবে কাজ করে, তা নিয়ে আমার সবসময়ই কৌতূহল ছিল। এত মানুষ ভিতরে থাকেন—তাঁরা কীভাবে সবকিছু সামলান? আমি সেটাই জানতে চাই। মানুষের কাছ থেকে নানা ধরনের নেতিবাচক মন্তব্য বা ঘৃণা আসছে এবং তাঁদের মধ্যে মতভেদও তৈরি হয়েছে! কেউ কেউ বলছেন, ‘এসব কেবল খ্যাতির জন্য করেছি, আসলে আমি এমন নই’! আমি কী বলছি বা অন্য কেউ আমার সম্পর্কে কী বলার চেষ্টা করছেন, সেসব কথায় কান দেবেন না। বরং নিজের চোখেই দেখুন। আমি বেশ আমুদে বা বিনোদনমূলক স্বভাবের মানুষ এবং মানুষের সামনে আমার সেই দিকটাই তুলে ধরতে চাই।’…
রিয়া আহিরের বায়োডেটা
২৭ বছরের রিয়া গত ১৩ বছর ধরে হিন্দি থিয়েটার ও অভিনয়ের সঙ্গে যুক্ত। মডেলিংয়ও করেন চুটিয়ে। ইনস্টাগ্রামে তাঁর ৩ লাখ ২৮ হাজার ফলোয়ার্স রয়েছে এবং তিনি রিয়াসত নামের লাক্সারি অ্যাপারেল ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। এছাড়া ‘দিলবারা’মিউজিক ভিডিয়োতেও সবার নজর কেড়েছিলেন। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করছেন। সলমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ২০’ আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। দেখা যাক হিন্দির এই জনপ্রিয় শোয়ে ভাইরাল রিয়াকে দেখা যায় কিনা!
(Feed Source: zeenews.com)
