
Teachers Day 2026 Special: শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয়’ সম্মানে ভূষিত মিত্র ইনস্টিটিউশন। শিক্ষক দিবসে বিশেষ সম্মান প্রদান।
কলকাতা: শিক্ষক দিবসে ভবানীপুরের মুকুটে নতুন পালক, ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয়’ সম্মান পাচ্ছে মিত্র ইনস্টিটিউশন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি, রাজ্যের ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় পুরস্কার-২০২৬’-এর জন্য নির্বাচিত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন।
আগামিকাল ৫ সেপ্টেম্বর, শনিবার শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের হাতে। নিউ টাউন কনভেনশন সেন্টারে শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনকে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই হবে শিক্ষক দিবসের এই বিশেষ অনুষ্ঠান।
শিক্ষা দফতরের চিঠিতে স্পষ্ট, শিক্ষাক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্যই এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে মিত্র ইনস্টিটিউশনকে। পুরস্কারের অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলেও জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। শিক্ষক দিবসে রাজ্যের মঞ্চে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন– ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয়’ সম্মানে স্বীকৃতি শিক্ষাক্ষেত্রে অবদানের।
কলকাতার ভবানীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিত্র ইনস্টিটিউশন (ভবানীপুর শাখা) ১৯০৫ সালের ৩ ফেব্রুয়ারি শ্রী বিশ্বেশ্বর মিত্র কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ১৯১০ সালের ৯ জানুয়ারি বিদ্যালয়ের প্রথম পরিচালনা কমিটি গঠিত হয়। এই কমিটির প্রথম সভাপতি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তীতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও এর পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একসময় এই স্কুলটিকে প্রাচ্যের ‘ইটন’ বা ‘ইটন অব দ্য ইস্ট’ বলা হতো। এই প্রতিষ্ঠানটি বাংলার বহু কৃতি সন্তান ও গুণীজনকে শিক্ষা দিয়েছে। এর বিখ্যাত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন।
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (যিনি ১৯০১ সালে এই স্কুলে ভর্তি হন এবং ১৯১৭ সালে এখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন)। সিদ্ধার্থ শঙ্কর রায় (পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী), সোমনাথ চট্টোপাধ্যায় (লোকসভার প্রাক্তন স্পিকার), হেমন্ত মুখোপাধ্যায় (বিখ্যাত সংগীতশিল্পী), কবি সুভাষ মুখোপাধ্যায় এই স্কুলেরই ছাত্র ছিলেন।
(Feed Source: news18.com)
