
Swami Vivekananda Merit Scholarship Scheme Benefits: রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য বড় ঘোষণা শিক্ষক দিবসের দিন। চালু হল ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম’ (SVMS)। জেনে নিন এই প্রকল্পের সুবিধাগুলি কী কী।
দেশ ও বিদেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। চালু হল ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম’। QS Overall Rankings অনুযায়ী বিশ্বের প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া পড়ুয়াদের অনুমোদিত টিউশন ফি-র ১০০ শতাংশ পর্যন্ত বহন করবে সরকার।
বিদেশে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপের আওতায় স্বাস্থ্য বিমার খরচও বহন করা হবে। দেশের প্রথম সারির জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া পড়ুয়ারাও পাবেন অনুমোদিত টিউশন ফি-র সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা।শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট মানদণ্ড ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারিত হবে।
অর্থের অভাবে যাতে মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্ন আটকে না যায়, সেই লক্ষ্যেই নতুন স্কলারশিপ প্রকল্প, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একনজরে দেখে নেওয়া যাক কী কী সুবিধা রয়েছে এই প্রকল্পে:
রাজ্যের মেধাবী পড়ুয়ারা পাবে এই স্কলারশিপ
পড়াশোনার জন্য আর্থিক সাহায্য রাজ্য সরকারের
মেধাবীদের উচ্চশিক্ষায় অর্থের অভাব মেটাবে এই স্কলারশিপ
বিদেশে এই স্কলারশিপে স্বাস্থ্য বিমার খরচও দেওয়া হবে
সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে মিলবে ১০০% সরকারি টিউশন ফি
এই স্কলারশিপের উদ্বোধন করে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘বাংলা থেকে বিশ্ব’—রাজ্যের মেধাবী তরুণ-তরুণীদের পাশে দাঁড়াবে রাজ্য।” গতকাল শনিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে এই স্কলারশিপ উদ্বোধন করার পরেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী।
শুভেন্দু তাঁর পোস্টে লেখেন, “স্বামী বিবেকানন্দ মেধা বৃত্তি প্রকল্প (এসভিএমএস) চালুর মাধ্যমে আজ পশ্চিমবঙ্গের মেধাবী তরুণদের ক্ষমতায়নের এক নতুন অধ্যায় শুরু হল। এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে, পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষার্থীরা যারা ভারত ও বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হবে, তাঁরা আর্থিক বাধার কারণে তাঁদের আকাঙ্ক্ষা পূরণে কোনও বাঁধা ছাড়াই স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা পাবে।”
“QS ওভারঅল র্যাঙ্কিং অনুসারে বিশ্বব্যাপী সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য, অনুমোদিত টিউশন ফি এবং স্বাস্থ্যবিমার ১০০% সহায়তা করবে SVMS। দেশের সেরা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক মানদণ্ড এবং র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে অনুমোদিত টিউশন ফির ১০০% পর্যন্ত পাবে। এটি আমাদের অঙ্গীকার যে, একটি তরুণ মন কতদূর যেতে পারবে তা আর্থিক সীমাবদ্ধতা নয়, বরং তাঁর প্রতিভা, মেধা এবং উচ্চাকাঙ্ক্ষা দ্বারা নির্ধারিত হবে। পশ্চিমবঙ্গ থেকে বিশ্ব জুড়ে, আমরা আমাদের উজ্জ্বলতম তরুণ মনগুলির পাশে থাকব।”
(Feed Source: news18.com)
