)
October 7 Style Attack On Israel: গোয়েন্দা রিপোর্টে ফাঁস, জানা গিয়েছে, ইরান তার আঞ্চলিক প্রক্সি (পরোক্ষ সহযোগী) নেটওয়ার্কগুলিকে সঙ্গে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরের মতো এক বিশাল ও ব্যাপক হামলার পরিকল্পনা করছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানা গেছে যে, ইরান তার আঞ্চলিক প্রক্সি (পরোক্ষ সহযোগী) নেটওয়ার্কগুলোকে সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরের মতো এক বিশাল বহুমাত্রিক সমন্বিত হামলার পরিকল্পনা করছে। জানানো হয়েছে, ইসলামিক রিপাবলিক অব ইরান তাদের তথাকথিত প্রতিরোধের অক্ষশক্তি যা অ্যাক্সিস অফ রেজিসট্যান্স নামে পরিচিত– যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, হামাস এবং ইরাক ও সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়া বাহিনী– এদের একত্রিত করে একটি একক ও ব্যাপক আক্রমণের পরিকল্পনা করছে আয়াতোল্লা খামেইনির দেশ।
বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ
যদিও ৭ অক্টোবরের হামলাটি অন্যান্য ফ্রন্টকে যুক্ত না করেই হামাস একতরফাভাবে শুরু করেছিল, তবে গাজা উপত্যকা থেকে উদ্ধার হওয়া হামাসের বিভিন্ন নথি থেকে দেখা গিয়েছে, তৎকালীন হামাস নেতা ইহায়া সিনওয়ার হিজবুল্লাহ ও ইরানকে সঙ্গে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের পরিকল্পনা করেছিলেন।
৭ অক্টোবর আক্রমণ
সিনওয়ার আশা করেছিলেন, হামাসের প্রাথমিক আক্রমণের সাফল্য দেখে ইরান ও হিজবুল্লাহ সমস্ত শক্তি নিয়ে এই আঞ্চলিক অভিযানে যোগ দিতে বাধ্য হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ৭ অক্টোবরের আক্রমণের সুনির্দিষ্ট বিবরণ বা তারিখ সম্পর্কে ইরান ও হিজবুল্লাহকে আগে থেকে বিস্তারিত জানানো হয়নি। পূর্ব সমন্বয়ের এই অভাবের কারণে তখন প্রতিক্রিয়াটি বিচ্ছিন্ন রূপ নেয়। যেখানে ওই দিন সকালে হিজবুল্লাহ উত্তর সীমান্তে ব্যাপক ও সমান্তরাল কোনো আক্রমণের বদলে কেবল সীমিত পরিসরে হামলা চালিয়েছিল।
গোপন রিপোর্ট
তবে, ইসরায়েলি গোয়েন্দা ইঙ্গিত দিয়েছে, অ্যাক্সিস অফ রেজিসট্যান্স এখন ৭ অক্টোবরের সেই সমন্বয়হীনতা ও ঘাটতিগুলি শুধরে নেওয়ার চেষ্টা করছে। তার মানে কি আরও বড় ও সমন্বিত ও শক্তিশালী এক আক্রমণ শানাচ্ছে ইরান? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, উত্তর ও দক্ষিণ– উভয় দিক থেকেই চাপ বৃদ্ধি করতে ইরানের সহায়তায় হামাস ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সমন্বয় জোরদার করা হচ্ছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামলা সম্প্রসারণের বিষয়ে হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়ার কমান্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা ও কনফারেন্স কল করেছেন। আলোচনার পাশাপাশি গোষ্ঠীগুলির মধ্যে কৌশলগত ও ব্যক্তিগত যোগাযোগ আরও সুদৃঢ় হয়েছে। তাদের যৌথ সামরিক মহড়াও প্রত্যক্ষ করা গিয়েছে।
(Feed Source: zeenews.com)
