
Mother-Son Success: ছেলের উদ্দীপনায় মায়েরও আন্তর্জাতিক যোগাসনে পা রাখা! থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ যৌথভাবে ভারতের প্রতিনিধিত্ব করছেন নদিয়া শান্তিপুরের পপি বিশ্বাস ও তাঁর ছেলে তৃতীয় শ্রেণির পড়ুয়া স্বর্ণক।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ছেলের হাত ধরে মায়ের আন্তর্জাতিক মঞ্চে পা রাখা। যোগাসনের প্রতি ভালবাসা ও দীর্ঘদিনের কঠোর অনুশীলনের জেরে এবার বিদেশের মাটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মা ও ছেলে। আগামী ৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নেবেন পপি বিশ্বাস ও তাঁর ছেলে স্বর্ণক বিশ্বাস। ইতিমধ্যেই আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই স্বর্ণককে যোগাসন শেখানোর জন্য নিয়ে যেতেন তাঁর মা পপি বিশ্বাস। যোগাসনের প্রতি ছেলের আগ্রহ, একাগ্রতা এবং ইচ্ছাশক্তি ধীরে ধীরে মুগ্ধ করে পপিকে। ছেলের অনুশীলন দেখতে দেখতে তাঁর মধ্যেও যোগাসন শেখার আগ্রহ তৈরি হয়। যদিও এর আগে থেকেই শরীরচর্চার সঙ্গে যুক্ত ছিলেন পপি, তবে ছেলের অনুপ্রেরণাতেই পরবর্তীতে নিয়মিত যোগাসনের অনুশীলন শুরু করেন তিনি। তারপর থেকেই মা ও ছেলের একসঙ্গে পথচলা। প্রতিদিনের কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা এবং যোগাসনের প্রতি নিষ্ঠার ফলও মিলেছে একাধিক প্রতিযোগিতায়।
জেলা থেকে রাজ্যস্তরের বিভিন্ন মঞ্চে অংশ নিয়ে ইতিমধ্যেই পুরস্কৃত হয়েছে মা ও ছেলে। এবার সেই সাফল্যের হাত ধরেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে তাঁদের সামনে। স্বর্ণক বিশ্বাস শান্তিপুরের একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। এত অল্প বয়সেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি তাঁর পরিবার। অন্যদিকে ছেলের সঙ্গে একই প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত পপি বিশ্বাসও।
(Feed Source: news18.com)
