
Chanda Mach Cleaning Tips: চাঁদা মাছ খেতে যতটা টেস্টি, পরিষ্কার করা ততটাই কঠিন। কারণ এই মাছগুলো যেমন ছোট, তেমনি পাতলা। কাটতে গেলে হাত ফস্কে বেরিয়ে যায়! কাজেই শিখে নিন এই সহজ কৌশল। ছুরি-বঁটি ছাড়াই ঝুড়ি-ঝুড়ি চাঁদা মাছ সাফ হবে নিমেষে
খাল-বিলের মাছ চাঁদা মাছ। ছোট্ট ছোট্ট সাইজ, কয়েক সেন্টিমিটার লম্বা হয়। এর স্বচ্ছ শরীরই একে অন্য সব মাছ থেকে আলাদা করে। আলো এই মাছের শরীরের ভিতর দিয়ে চলে যেতে পারে। ফলে জলের মধ্যে চোখেই পড়ে না চাঁদা মাছ। ছোট্ট ছোট্ট চাঁদা মাছ খেতে যতই লোভনীয় হোক না কেন, কাটা-বাছা খুব ঝক্কির! কারণ এই মাছগুলো একে তো খুব ছোট হয়, তার উপর খুব পাতলা। এদিকে চুনো মাছ বাজার থেকেও কেটে দেয় না! কাজেই শিখে দুনিয়ার সবচেয়ে সহজ টেকনিক! কোনও খাটনি ছাড়াই অবলীলায় কেটে ফেলতে পারবেন গামলা-গামলা চাঁদা মাছ–
ঝুঁড়ি দিয়ে মাছ পরিষ্কার– চাঁদা মাছ আকারে ছোট, চ্যাপ্টা ও পাতলা হয়। একটা সবজি ধোওয়ার ঝুড়িতে চাঁদা মাছগুলো নিয়ে নিন। এবার মাছগুলো অনবরত ঝাঁকাতে হবে। দেখবেন, ময়লা-সহ ফেনা বেরিয়ে আসছে। এবার ঝুড়ি কলের তলায় বসিয়ে জলের কল খুলে দিন এবং ফের ঝুড়ি অনবরত ঝাঁকাতে থাকুন। ৬-৭ মিনিট মতো অনবরত ঝাাঁকাতে হবে। দেখবেন, সব ময়লা আর ফেনা বেরিয়ে গিয়ে মাছ কাঁচের মতো ঝকঝক করবে।
বঁটি-ছুরি ছাড়াই মাছ পরিষ্কার– সবজি ধোয়ার ঝুড়িতে মাছগুলো নিয়ে নিন। এবার হাতে একটা প্লাস্টিকের প্যাকেট জড়িয়ে নিয়ে মাছগুলো ঝুড়ির গায়ে ঘষতে থাকুন। খুব জোরে ঘষবেন না, মাছ ফেটে যাবে। দেখবেন, সব আঁশ ও ময়লা বেরিয়ে এসেছে। এইভাবে ৩-৪ মিনিট মাছ ঘষতে থাকুন। এর পর জল পাল্টে পাল্টে মাছগুলো ধুয়ে নিন।
কাঁচি ব্যবহার– বঁটি-ছুরি নয়, কাঁচি দিয়েই মাছের গায়ে হালকাভাবে ঘষলে আঁশ বেরিয়ে আসবে। কাঁচি দিয়েই মাছের পাখনা ও লেজ কেটে ফেলুন। মাছের পেটের দিকটা সামান্য কেটে বা টিপে ভেতরের নাড়িভুঁড়ি বা কালো অংশ বার করে নিন। চাঁদা মাছ খুব ছোট হলে পেটের নিচটা সামান্য কেটে আঙুল বা ছুরির ডগা দিয়ে ময়লা বার করা যায়।
চাঁদা খুব ছোট ছোট মাছ। হাতের নখ দিয়েই মাছের পাখনা ও কানকো টেনে ছিঁড়ে ফেলতে পারবেন। এরপর পেটের কাছে সামান্য একটু চিরে হালকা চাপ দিলেই নাড়িভুঁড়ি বেরিয়ে আসবে। যদি হাত দিয়ে একান্তই লেজ-পাখনা-কানকো ছাড়াতে না চান, তবে কাঁচি দিয়ে কানকো ও পাখনার অংশগুলো ছেঁটে ফেলুন।
মাছ ধোয়া– প্রথমে একটি বড় পাত্রে জল নিয়ে চাঁদা মাছগুলো ভালো করে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে মাছের গায়ে লেগে থাকা ময়লা ও পিচ্ছিল ভাব নরম হয়ে যায়। মাছ কাটা-বাছা হয়ে গেলে ঠান্ডা জলে বা চাল ধোয়া জলে ২-৩ বার ভালো করে ধুয়ে নিন, যাতে কোনো আঁশ বা গন্ধ না থাকে। চাইলে নুন-লেবু মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে পারেন। এতে মাছে কোনওরকম আঁশটে গন্ধ থাকবে না।
(Feed Source: news18.com)
