Success Story: ক্যালকুলেটর ছাড়াই সেকেন্ডে জটিল অঙ্কের সমাধান! কোন পদ্ধতিতে তৈরি হচ্ছে এমন জিনিয়াস? জানুন

Success Story: ক্যালকুলেটর ছাড়াই সেকেন্ডে জটিল অঙ্কের সমাধান! কোন পদ্ধতিতে তৈরি হচ্ছে এমন জিনিয়াস? জানুন

Success Story: অঙ্কের ভয় দূর করে দ্রুত হিসেব, গণিতের প্রশিক্ষণে তাক লাগাচ্ছে বারাসতের শিশুরা। জানুন…

বারাসত: অঙ্কের নাম শুনলেই অনেক শিশুর মনে তৈরি হয় আতঙ্ক। যোগ-বিয়োগ থেকে শুরু করে বড় বড় সংখ্যার হিসেব ক্যালকুলেটর ছাড়া যেখানে বড়দেরও রীতিমতো হিমশিম খেতে হয়, সেখানেই কয়েক সেকেন্ডের মধ্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান করে তাক লাগিয়ে দিচ্ছে খুদে পড়ুয়ারা। আর তার পিছনে রয়েছে প্রাচীন এক গাণিতিক পদ্ধতির আধুনিক রূপ।
ছোটবেলা থেকেই এই বিশেষ পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে গণিতের প্রতি ভয় কাটিয়ে রীতিমতো জিনিয়াস হয়ে উঠছে শিশুরা। শুধু দ্রুত গণনা করাই নয়, এই পদ্ধতি শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সাহায্য করছে বলে দাবি শিক্ষকদের।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৪৫টি কেন্দ্রে কয়েক হাজার শিশু এই বিশেষ পদ্ধতিতে প্রশিক্ষণ নিচ্ছে। ৪ থেকে ১৪ বছর বয়সি শিশুদের জন্য রয়েছে বিশেষ ক্লাস। খেলার ছলেই সেখানে তাদের শেখানো হয় দ্রুত গাণিতিক হিসেব। এই শিক্ষাপদ্ধতিতে কাঠ বা প্লাস্টিকের তৈরি রডে গাঁথা পুঁতির মতো উপকরণ ব্যবহার করা হয়। অনেকক্ষেত্রে হাতের আঙুলের ইশারার মাধ্যমেও শিশুদের দ্রুত হিসেব করার প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে ধীরে ধীরে মাথার মধ্যেই সংখ্যার হিসেব কষে কয়েক মুহূর্তে উত্তর দেওয়ার দক্ষতা তৈরি হচ্ছে তাদের। খুদেদের এমন দক্ষতা দেখে রীতিমতো অবাক অভিভাবকরাও।
অভিভাবকদের দাবি, শিশুরা একসময় যোগ-বিয়োগ করতেও ভয় পেত, তারাই এখন সবার আগে অঙ্কের উত্তর দিয়ে ফেলছে। যেখানে বড়দের হিসেব করতে আঙুল গুনতে কিংবা ক্যালকুলেটরের সাহায্য নিতে হচ্ছে, সেখানে কয়েক সেকেন্ডেই উত্তর বলে দিচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা। তার ফলে তাদের আত্মবিশ্বাসও অনেকটাই বেড়েছে।
শিক্ষকদের মতে, এই পদ্ধতি শুধুমাত্র গণনা শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিশুদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা, দ্রুত চিন্তা করার দক্ষতা এবং মানসিক ক্ষমতাও বাড়তে পারে। ডিজিটাল যুগে যেখানে ক্যালকুলেটর ও মোবাইলের উপর নির্ভরতা বাড়ছে, সেখানে শিশুদের নিজস্ব মস্তিষ্ক ব্যবহার করে দ্রুত হিসেব করার অভ্যাস তৈরি করাই এই শিক্ষাপদ্ধতির অন্যতম লক্ষ্য।
তবে বিশেষজ্ঞদের মতে, কোনও একটি পদ্ধতিকে সব শিশুর জন্য সমানভাবে কার্যকর ধরে নেওয়া ঠিক নয়। শিশুর আগ্রহ, বয়স এবং শেখার ধরন অনুযায়ী পদ্ধতি বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ। তবুও অংকের প্রতি ভয় কাটিয়ে ছোটবেলা থেকেই গণিতকে সহজ ও আকর্ষণীয় করে তোলার এই উদ্যোগ নজর কেড়েছে অভিভাবক থেকে শিক্ষামহলের। ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরিবেশে এই ধরনের প্রশিক্ষণ শিশুদের গাণিতিক দক্ষতার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতেও কার্যকর হয়। ফলে ছোটবেলা থেকেই আপনার সন্তানকে জিনিয়াস তৈরি করতে চাইলে এই শিক্ষা বেশ উপযোগী মনে করছে শিক্ষামহল।
(Feed Source: bhaskarhindi.com)