)
‘সচিনের মতো তুমিও কি প্রচুর টাকা কামিয়েছ?’ আচমকাই স্টিভ ওয়ার সোজা প্রশ্ন রাহানেকে! উত্তরে মুম্বইকর যা বললেন তা চমকে দিল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল গাভাসকর থেকে শুরু করে সচিন তেন্ডুলকর হয়ে রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। সূর্যকুমার যাদব থেকে শুরু করে শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল হয়ে শিবম দুবে। ভারতীয় ক্রিকেটে মুম্বইয়ের সাপ্লাইচেইন অব্য়াহত আজও। ‘ক্রিকেট ঈশ্বর’ সচিনের পর মুম্বই ক্রিকেটে তাঁর উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাহানে ও রোহিতকেই যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। এই শহর বহু বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার উপহার দিয়েছে। তাঁদের মধ্যে রাহানে ও রোহিত অন্যতম। তাঁদের আবার একজন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। অন্যজন টেস্ট ক্রিকেটে দলের বহু গুরুত্বপূর্ণ জয়ের নেপথ্যের কারিগর। এমনকী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া মনে করতেন যে, রাহানে তাঁর ব্যাটিং-শৈলী সচিনের আদলেই গড়ে তুলেছিলেন। সম্প্রতি রাহানে এক পডকাস্টে কিংবদন্তি অজি স্টিভের সঙ্গে আড্ডা দিয়েছিলেন। আর সেখানেই ওয়া রাহানেকে চমকে দেওয়া প্রশ্ন করেছেন।
রাহানেকে কী বললেন ওয়া?
‘তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমারে দেখার পর আমার মনে হয়েছিল, তুমিই সেই খেলোয়াড় যার খেলার ধরন সচিনের সঙ্গে সবচেয়ে বেশি মেলে। তুমি কি সচিনের খেলার ধরন অনুসরণ করত? কারণ তোমার ব্যাকলিফট ছিল ছোট, খুব সোজা ও সুসংহত; বেশ ভারসাম্যপূর্ণ ও সংযত। সচিনই কি তোমার রোলমডেল ছিল?’ জবাবে প্রাক্তন কেকেআর ক্যাপ্টেন বলেন, ‘ছোটবেলায়? হ্যাঁ, সেই সময়ে সম্ভবত সবারই আদর্শ ছিলেন সচিন তেন্ডুলকর। মুম্বইতে বেড়ে ওঠার সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের ব্যাটিং দেখা এবং এরপর বাড়ির আঙিনায় বন্ধুদের সঙ্গে খেলার সময় আমি সবসময়ই সচিনকেই অনুকরণ করতাম। তাঁর সেই ব্যাকলিফট, হাত যতটা সম্ভব শরীরের কাছাকাছি রাখা এবং সচিনের মতো স্ট্রেইট ড্রাইভ খেলার চেষ্টা চালাতাম—সেই চমৎকার স্ট্রেইট ড্রাইভ। সবাই সেটা উপভোগ করত। ওঁর ব্যাটিং দেখা এবং পরবর্তীতে প্রথম শ্রেণিতে ও আন্তর্জাতিক ক্রিকেটেও সচিনের সঙ্গে খেলার সুযোগ পাওয়া ছিল বিশেষ এক ব্যাপার। তিনিই ছিলেন আমার আদর্শ।’ এরপর ওয়া জিজ্ঞেস করেন, ‘সচিনের মতো তুমিও প্রচুর টাকা কামিয়েছ?’ জবাবে রাহানে বলেন- ‘আমি সম্ভবত এখন পারব’। সম্প্রতি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিভিন্ন লাউঞ্জের নামকরণ করেছে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক ও এমসিএ সভাপতি অমোল কালে, ভারতের হয়ে ১১৬টি টেস্ট খেলা প্রাক্তন অধিনায়ক দিলিপ বেঙ্গসরকার, সচিন এবং সদ্য অবসর নেওয়া রাহানের নামে।
(Feed Source: zeenews.com)
