Asian Games 2026: সেমিফাইনালে চিনের বিশ্বের এক নম্বর জুটি ওয়াং চুকিন এবং সুন ইংশার কাছে সরাসরি ০-৪ ব্যবধানে হারলেও, দেশকে পদক এনে দিয়ে ইতিহাস গড়েছেন এই ভারতীয় জুটি।
দেশকে গর্বিত করলেন দিয়া ও মানুষ
এশিয়ান গেমস ২০২৬-এর টেবিল টেনিস কোর্টে আরও এক ঐতিহাসিক মুহূর্ত ভারতের তরুণ প্যাডলার জুটি মানুষ শাহ এবং দিয়া চিতালের জন্য। মিক্সড ডাবলস ইভেন্টে অসামান্য লড়াই করে ব্রোঞ্জ পদক জয় করেছেন তাঁরা। সেমিফাইনালে চিনের বিশ্বের এক নম্বর জুটি ওয়াং চুকিন এবং সুন ইংশার কাছে সরাসরি ০-৪ ব্যবধানে হারলেও, দেশকে পদক এনে দিয়ে ইতিহাস গড়েছেন এই ভারতীয় জুটি।
এর আগে কোয়ার্টার ফাইনালে এক রুদ্ধশ্বাস ও নাটকীয় লড়াইয়ে বড় অঘটন ঘটান মানুষ ও দিয়া। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে থাকা হংকংয়ের শক্তিশালী জুটি দু হোই কেম এবং ওং চুন টিং-কে ৩-১ (১১-৬, ১৩-১৫, ১১-৯, ১১-৫) সেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌছান তাঁরা। এই অসাধারণ জয়ের মাধ্যমেই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের আগমন বার্তা দেওয়ার পাশাপাশি ভারতের পদক জয়ও সুনিশ্চিত করে ফেলেছিলেন এই তারকা জুটি।
এশিয়ান গেমসের ইতিহাসে মিক্সড ডাবলস টেবিল টেনিসে এটি ভারতের মাত্র দ্বিতীয় পদক। এর আগে আট বছর পূর্বে ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে দেশের হয়ে প্রথম ব্রোঞ্জ এনে দিয়েছিলেন কিংবদন্তি শরথ কমল এবং মনিকা বাত্রা। এবার সেই ইতিহাসকে ছুঁয়ে দেশের পদক তালিকায় নতুন এক সাফল্য যুক্ত করলেন মানুষ ও দিয়া।
মিক্সড ডাবলসের জোড়া সাফল্যের বাইরেও ব্যক্তিগত ইভেন্টে জয় পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। পুরুষদের সিঙ্গল ইভেন্টে ইরানের বেনিয়ামিন ফারাজিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেন মানুষ শাহ। অন্যদিকে মহিলাদের সিঙ্গল ইভেন্টের শেষ ১৬-র লড়াইয়ে নিজের স্থান পাকা করেছেন তরুণী যশস্বিনী ঘোরপাড়ে, যিনি সিরিয়ার হেন্দ জাজাকে ৪-১ ব্যবধানে পরাস্ত করেন।
তবে এই ঐতিহাসিক ব্রোঞ্জ জয় ছাড়া অন্যান্য ডাবলস ও সিঙ্গেলস ইভেন্টগুলিতে কিছুটা নিরাশ হতে হয়েছে ভারতীয় প্লেয়ারদের। পুরুষদের সিঙ্গলসে উত্তর কোরিয়ার উ তাই রিয়ংয়ের কাছে ২-৪ ব্যবধানে হেরে ছিটকে যান মানব ঠক্কর। একইভাবে উত্তর কোরিয়ার অ্যাথলিটের বিরুদ্ধে ১-৪ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় অন্যতম সেরা তারকা শ্রীজা আকুলাকেও।
একই সঙ্গে পুরুষ ও মহিলাদের ডাবলস ইভেন্টগুলিতেও বেশ কয়েকটি রাউন্ড অব ৩২ এবং প্রি-কোয়ার্টার ফাইনালে চিনের শক্তিশালী প্রতিপক্ষের কাছে হেরে এশিয়ান গেমসের সফর শেষ করতে হয়েছে ভারতীয় তারকাদের। তা সত্ত্বেও মানুষ শাহ ও দিয়া চিয়ালের এই ঐতিহাসিক ব্রোঞ্জ পদক দেশের উদীয়মান তরুণ প্যাডলারদের অলিম্পিক ও বিশ্বমঞ্চে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখাবে।
(Feed Source: news18.com)