)
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘটের আগে গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই তিন দিন ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট ATM চার্জ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যাংকিং কাজ আগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেপ্টেম্বরের শেষে টানা তিন দিন ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের প্রস্তাব রয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য বড় স্বস্তির ঘোষণা করল দেশের অন্যতম বৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ধর্মঘট চলাকালীন তিন দিন ATM লেনদেনের নির্দিষ্ট চার্জ মকুব করার কথা জানিয়েছে SBI।
কোন তিন দিন ATM চার্জ লাগবে না?
SBI-এর তরফে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ATM লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য নির্দিষ্ট চার্জ মকুব করা হবে। অর্থাৎ, এই তিন দিনে গ্রাহকরা ATM ব্যবহার করে প্রয়োজনীয় নগদ টাকা তুলতে পারবেন এবং এই ওয়েভারের আওতাভুক্ত ATM চার্জ দিতে হবে না। তবে গ্রাহকদের নিজের ব্যাংকের দেওয়া নির্দেশিকা ও চার্জের শর্তগুলি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
United Forum of Bank Unions-এর তরফে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তাব দেওয়া হয়েছে। এর জেরে ব্যাঙ্কের শাখাভিত্তিক পরিষেবায় সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে SBI গ্রাহকদের গুরুত্বপূর্ণ ব্যাংকিং কাজ ধর্মঘটের আগেই সেরে রাখার পরামর্শ দিয়েছে। বিশেষ করে চেক, নগদ লেনদেন বা শাখায় গিয়ে করতে হয় এমন গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা আগে করে নেওয়াই সুবিধাজনক।
ATM, UPI কি চালু থাকবে?
SBI জানিয়েছে, ধর্মঘটের সময় ATM, ADWM, Customer Service Point এবং ডিজিটাল ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। UPI, মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো পরিষেবাও ব্যবহার করা যাবে বলে বিভিন্ন ব্যাঙ্কের পরামর্শে জানানো হয়েছে। তবে শাখাভিত্তিক পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে। তাই গ্রাহকদের আগে থেকেই প্রয়োজনীয় লেনদেন সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
টানা ৫ দিন ব্যাংকিং পরিষেবায় প্রভাব পড়বে?
২৮-৩০ সেপ্টেম্বরের ধর্মঘটের ঠিক আগে ২৬ সেপ্টেম্বর শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার। ফলে শাখাভিত্তিক পরিষেবার ক্ষেত্রে টানা কয়েক দিন সমস্যার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর অর্থ এই নয় যে দেশের সমস্ত ব্যাংকের শাখা টানা পাঁচ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই যাঁদের শাখায় গিয়ে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাঁদের জন্য ধর্মঘটের আগেই কাজ সেরে নেওয়াই নিরাপদ।
(Feed Source: zeenews.com)
