
JioHotstar-কে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলিকে বলতে শোনা গেল, ‘আমার ক্ষেত্রে এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। এটা বলেই নিজেকে উদ্বুদ্ধ করছি। নিজের সর্বস্বটা উজাড় করে দেব।’
কোহলির দাবি ৫০ ওভারের বিশ্বকাপের চ্যালেঞ্জটা ভিন্ন এবং সেই কারণেই আসন্ন বিশ্বকাপটা তাঁর জন্য বাড়তি মোটিভেশনের। ‘৫০ ওভারের বিশ্বকাপের চাপটা ভিন্ন ধরনের। কারণ এই টুর্নামেন্টে তো এখন টি-২০-র মতো তীব্রতার সঙ্গে ১০টি ম্যাচ খেলতে হবে। তবে এক্ষেত্রে পার্থক্যটা হল দিনে একটা নয়, আড়াই খানা টি-২০ ম্যাচ এক্ষেত্রে খেলতে হবে এবং সেই তীব্রতা নিয়ে খেলতে হবে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ১০ ম্যাচ এমনভাবে খেলা এবং বিশ্বকাপ জেতাটা কিন্তু বড় বিষয়।’ দাবি কোহলির।
প্রসঙ্গত, আপাতত বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই নাকি অনুশীলনের সময় মেজাজ হারালেন কোহলি। তিরুঅনন্তপুরমে প্রথম ওয়ান ডে ম্য়াচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়। তার আগে গত বৃহস্পতিবার থেকেই ভারতীয় দল অনুশীলন সারছে। আর অনুশীলনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখা গিয়েছে প্রস্তুতি সারতে।
একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ভারতীয় দলের অনুশীলনের, যেখানে দেখা যাচ্ছে কোহলিকে এক সাপোর্ট স্টাফের সঙ্গে বেশ উত্তেজনামত বাদানুবাদ করতে। কিছু একটা দু’জনের মধ্য়ে কথোপকথন হচ্ছিল। বিরাট দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা, ধ্রুব জুরেল ও কে এল রাহুলের সঙ্গে। সেখান থেকেই আচমকাই প্রাক্তন ভারত অধিনায়ককে দেখা যায় সাপোর্ট স্টাফের দিকে এগিয়ে যেতে।
(Feed Source: abplive.com)
