)
বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে পরিচালক শেখর দাশের তৈরি ‘পাগলা ঘোড়া’ এবার প্যারিসের Gange Sur Seine Film Festival-এ উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। Club de l’Étoile-এ ছবিটির প্রদর্শনী হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা নাট্যজগতের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি বাদল সরকারের ‘পাগলা ঘোড়া’ এবার পৌঁছে গেল আন্তর্জাতিক মঞ্চে। পরিচালক শেখর দাশের তৈরি ‘পাগলা ঘোড়া’ প্যারিসের Gange Sur Seine Film Festival-এর উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। ঐতিহ্যবাহী Club de l’Étoile-এ ছবিটির প্রদর্শনী হবে। বাদল সরকারের জন্মশতবর্ষের আবহে এই আন্তর্জাতিক যাত্রাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ছবির নির্মাতা ও কলাকুশলীরা।
ছবির গল্পের কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত জঙ্গলের শ্মশানঘাট। গভীর রাতে এক তরুণীর শেষকৃত্যের জন্য সেখানে জড়ো হয় ভিন্ন পেশা ও সামাজিক অবস্থানের চার পুরুষ। চিতায় যখন তরুণীর দেহ পুড়ছে, তখন তাঁরা তাস খেলেন, মদ্যপান করেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা চালান। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে।
মৃত তরুণীর আত্মা নীরবে তাঁদের জগতে উপস্থিত থাকলেও চার পুরুষ কেউই তা টের পান না। বরং সেই অদৃশ্য উপস্থিতির প্রভাবে তাঁরা নিজেদের জীবনের নারীদের নিয়ে একে একে গল্প বলতে শুরু করেন। সামনে আসে প্রেম, সম্পর্ক, অধিকারবোধ, সামাজিক চাপ, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং অপরাধবোধের নানা স্তর। প্রতিটি গল্পেই কোনও না কোনওভাবে একজন নারীর জীবনে নেমে আসে করুণ পরিণতি।
ছবিটির বিশেষত্ব শুধু গল্পে নয়, নাটককে সিনেমার ভাষায় নতুন করে দেখার চেষ্টাতেও। অভিনেত্রী গার্গী রায়চৌধুরী জানিয়েছেন, মূল নাটকটি প্রোসেনিয়াম মঞ্চের জন্য লেখা হলেও পরিচালক শেখর দাশ তাঁদের মঞ্চের সীমার বাইরে গিয়ে চরিত্র ও গল্পকে সিনেমার ভাষায় ভাবতে উৎসাহ দিয়েছেন। ছবিতে রয়েছেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায়, জয়ন্ত হোর, ঋতব্রত মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, সৃজিতা সাহা ও দীর্ঘয়ী পাল। প্রযোজনা করেছেন স্বভূমী এন্টারটেইনমেন্টের ড. প্রবীর ভৌমিক, এক্সিকিউটিভ প্রযোজক বিপাশা ঘোষাল। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। চিত্রগ্রহণে সুপ্রতিম ভোল।
সুজন মুখোপাধ্যায় বলেন, ‘পাগলা ঘোড়ার জন্য রইল এক দীর্ঘ, রোমাঞ্চকর এবং স্মরণীয় পথচলার শুভেচ্ছা। আর আমাদের এই ‘পাগল ঘোড়া’ যেন ছুটতে ছুটতে সারা বিশ্বের মানুষের হৃদয় ও কল্পনার জগতে পৌঁছে যায়, এই আমাদের আন্তরিক কামনা।’
বাদল সরকারের নাটকটি প্রথম মঞ্চে আসে সত্তরের দশকে এবং তার বিষয়বস্তু ও নাট্যভাষা দীর্ঘদিন ধরে আলোচিত। ২০২৫ সালে তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে এই নাটককে সিনেমায় রূপ দেওয়ার উদ্যোগ শুরু হয়। পরিচালক শেখর দাশের কাছে প্যারিসে ছবিটির প্রদর্শনী আরও বিশেষ, কারণ বাদল সরকার নিজেও জীবনের একটি সময়ে প্যারিসে ছিলেন। ফলে বাংলার নাট্যঐতিহ্য থেকে উঠে আসা ‘পাগলা ঘোড়া’-র এই আন্তর্জাতিক যাত্রা যেন একই সঙ্গে সিনেমা এবং বাদল সরকারের সৃষ্টির প্রতি শ্রদ্ধার্ঘ্য।
(Feed Source: zeenews.com)
