
Machher Matha Diye Moong Dal: আসছে পার্বণ-পর্ব। বাঙালির রসনাবিলাস এ সময়ে মাছের মাথা দিয়ে মুগডালের স্বাদ ছাড়া অসম্পূর্ণ। বিয়েবাড়ির মতো এই ডাল বাড়িতেই রাঁধতে পারবেন। শুধু মনে রাখুন এই টিপস।
আমিষের সঙ্গে নিরামিষ রান্নার মেলবন্ধন বাঙালি হেঁশেলের বড় বৈশিষ্ট্য৷ আজকের ফিউশন ফুড কনসেপ্ট জন্মানোর বহু আগেই বঙ্গ রসনায় রাজত্ব করেছে মাছের মাথা দিয়ে মুগডাল৷ এই পদটি ছাড়া বাঙালির নেমন্তন্নবাড়ির ভোজ অসম্পূর্ণ৷ তাদের মতো এই ডাল আপনিও রাঁধতে পারবেন বাড়িতেই৷ শুধু মনে রাখুন এই সাধারণ টিপস৷
ডালের স্বাদ খোলতাই করতে জ্যান্ত রুই বা কাতলার মুড়ো কিনুন৷ মোটামুটি ৩ কেজি মাছ থেকে ৫০০ গ্রামের মুড়ো পাবেন৷ ভালো করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন৷ কানকো রাখতেও পারেন৷ ফেলেও দিতে পারেন৷ যদি রাখেন, তাহলে খুব ভাল করে ধুয়ে নেবেন৷ কারণ ওখানে বেশি নোংরা থাকে৷
১৫ গ্রাম পেঁয়াজ, ১ টমেটো কুচিয়ে নিন৷ ৩ টে কাঁচালঙ্কা চিরে রাখুন৷ ১০০ গ্রাম সোনামুগ ডাল খুব ভালো করে শুকনো খোলায় ভাজুন৷ হাল্কা বাদামি রং ধরা পর্যন্ত ভাজুন৷ তার পর একবার জল দিয়ে ভাজা ডাল ধুয়ে নিন৷ ৫ গ্রাম নুন দিয়ে সিদ্ধ হতে দিন৷ ২০ মিনিট লাগবে সিদ্ধ হতে৷
এ বার কড়াইয়ে সরষের তেল গরম করে মাছের মুড়ো, কানকো এপিঠ ওপিঠ করে ভেজে নিন৷ একটা পাত্রে ১২ গ্রাম আদাবাটা, ৩ গ্রাম জিরেগুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলুন৷ কড়াইয়ে ফের সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন৷ তার পর একে একে দিন দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ৷
গোটা গরমমশলাগুলো ভাজা হয়ে এলে একে একে দিন আদাকুচি, পেঁয়াজ, টমেটো৷ একসঙ্গে ভাজুন নরম হওয়া পর্যন্ত৷ তার পর দিন জলে গুলে রাখা ওই মশলার মিশ্রণ৷ মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ৪ মিনিট ধরে সাঁতলাতে থাকুন৷ এ বার দিন ২ টো কাঁচালঙ্কা এবং মাছের মুড়ো ও কানকো৷ তারপর ২-৩ মিনিট ভাজুন৷
সবার শেষে দিন সিদ্ধ করা মুগ ডাল ও ২৭৫ গ্রাম গরম জল৷ বেশি আঁচে রান্না করুন৷ ফুটতে শুরু করলে দিন ৩ গ্রাম নুন, ২০ গ্রাম চিনি৷ এ বার পাত্রের ঢাকনা দিয়ে ২ মিনিট কম আঁচে ফুটতে দিন৷ শেষে ২ চামচ ডাল তুলে তাতে হাফ চামচ আটা মিশিয়ে ডালে দিন৷ এতে ঘনত্ব বাড়বে৷ সবার শেষে উপরে কাঁচালঙ্কা আর গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন৷ গরম ঝরঝরে ভাত আর ঝুরঝুরে আলুভাজার সঙ্গে এই ডালের জুটি বরাবরই সুপারস্টার কম্বো৷
(Feed Source: news18.com)
