)
October 1 rules change: আগামী ১ অক্টোবর থেকে যে পরিবর্তনগুলি আসতে চলেছে, সেগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার দৈনন্দিন জীবনযাত্রা এবং আপনার পকেটের বাজেটে। একনজরে দেখে নিন আগামী মাস থেকে কী কী বড় বদল আসছে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন মাস শুরু হলেই পাল্টে যায় বিভিন্ন আর্থিক নিয়মকানুন। এখন আগামী ১ অক্টোবর থেকে যে পরিবর্তনগুলি আসতে চলেছে, সেগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার দৈনন্দিন জীবনযাত্রা এবং আপনার পকেটের বাজেটে। রান্নার গ্যাসে ভর্তুকি থেকে শুরু করে ইউপিআই লেনদেন, মহিলাদের বিনামূল্যে বাস যাত্রা এবং সম্পত্তি সংক্রান্ত আয়কর নিয়ম— একনজরে দেখে নিন আগামী মাস থেকে কী কী বড় বদল আসছে-
রান্নার গ্যাসে ভর্তুকি পেতে আধার কার্ড বাধ্যতামূলক
১ অক্টোবর থেকে গৃহস্থালির রান্নার গ্যাসে ভর্তুকি পেতে হলে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ১৪.২ কেজির সিলিন্ডারে প্রায় ২১০ টাকার কাছাকাছি ভর্তুকি পাওয়া যায়। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করলে আপনি এই ভর্তুকি থেকে বঞ্চিত হতে পারেন।
কীভাবে করবেন: গ্যাস এজেন্সিতে গিয়ে অথবা সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অ্যাপ (Indane-এর জন্য IndianOil ONE, Bharat Gas-এর জন্য HelloBPCL, HP-র জন্য HP PAY) ব্যবহার করে সহজেই এই কাজ সম্পন্ন করতে পারবেন।
ইউপিআই লেনদেনে নতুন নিয়ম
আগামী ১৫ অক্টোবর থেকে ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) সংক্রান্ত নতুন নিয়ম প্রস্তাব করা হয়েছে। পার্সন টু মার্চেন্ট (P2M) লেনদেনে ২,০০০ টাকার বেশি মূল্যের কেনাকাটা বা পরিষেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের ওপর ০.৪% হারে চার্জ কার্যকর হতে চলেছে। যা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
তবে এটা নিয়ে সাধারণ ক্রেতাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ ব্যক্তিগত লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকছে। এছাড়া ক্রেতার থেকে বাড়তি ফি নেওয়ার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে দোকানদারদের খরচ বাড়ায় তাঁরা অন্যভাবে দাম বাড়াতে পারেন কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
দিল্লিতে বিনামূল্যে বাস যাত্রায় ‘সহেলি পিংক স্মার্ট কার্ড’
দিল্লিতে মহিলা ও ট্রান্সজেন্ডার যাত্রীদের জন্য দিল্লি পরিবহন নিগমের বাসে বিনামূল্যে ভ্রমণের নিয়মে বদল আসছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুরানো পিংক পেপার টিকিট চললেও, ১ অক্টোবর থেকে ‘সহেলি পিংক স্মার্ট কার্ড’ ট্যাপ করেই কেবল বিনামূল্যে যাত্রা করা যাবে। স্মার্ট কার্ড না থাকলে স্বাভাবিক ভাড়া গুনে টিকিট কাটতে হবে। প্রথমবার কার্ডটি বিনামূল্যে পাওয়া যাবে, তবে হারালে বা নষ্ট হলে ৫৯ টাকা জমা দিয়ে নতুন কার্ড নিতে হবে।
এনআরআই-দের থেকে সম্পত্তি কেনায় স্বস্তি
প্রবাসী ভারতীয়দের কাছ থেকে জমি, বাড়ি বা অচল সম্পত্তি কেনার ক্ষেত্রে কর জমা দেওয়ার আইনি জটিলতা অনেকটাই কমানো হয়েছে। ১ অক্টোবর থেকে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের পৃথকভাবে TAN জমা দেওয়ার আর কোনও প্রয়োজন থাকবে না। এর বদলে ক্রেতার নিজস্ব PAN কার্ড এবং নতুন ফর্ম 141 ব্যবহার করেই টিডিএস সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া যাবে।
উৎসবের মরসুমে ব্যাঙ্ক ধর্মঘটের বড় হুমকি!
পূজোর মরসুমে বেশ কয়েক দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহে ৫ দিন কাজ, পেনশন সংস্কার এবং নতুন পেনশন স্কিম (NPS) থেকে পুরানো পোেনশন সিস্টেমে (OPS) ফেরার দাবিতে সোচ্চার হয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। দাবি না মানা হলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
(Feed Source: zeenews.com)
