
Asian games 2026: হাই জ্যাম্পের রুদ্ধশ্বাস ফাইনালে দীর্ঘক্ষণ লিড ধরে রেখেছিলেন সর্বেশ। তবে প্রথম প্রচেষ্টায় ২.২৫ মিটার উচ্চতা টপকাতে ব্যর্থ হওয়ায় চাইনিজ তাইপেইয়ের ফু চাও-সুয়ানের থেকে সামান্য পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে নেমে যান তিনি।
২০২৬ এশিয়ান গেমসে রবিবার (২৭ সেপ্টেম্বর) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের জন্য উপহার দিল জোড়া রুপো ও একটি ব্রোঞ্জ পদক। পুরুষদের হাই জ্যাম্পে রূপো জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন কমনওয়েলথ গেমসে পদকজয়ী মহারাষ্ট্রের ৩১ বছর বয়সী অ্যাথলেট সর্বেশ অনিল কুশারে।
হাই জ্যাম্পের রুদ্ধশ্বাস ফাইনালে দীর্ঘক্ষণ লিড ধরে রেখেছিলেন সর্বেশ। তবে প্রথম প্রচেষ্টায় ২.২৫ মিটার উচ্চতা টপকাতে ব্যর্থ হওয়ায় চাইনিজ তাইপেইয়ের ফু চাও-সুয়ানের থেকে সামান্য পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে নেমে যান তিনি। দ্বিতীয় চেষ্টায় সেই উচ্চতা অতিক্রম করলেও শেষ পর্যন্ত তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
অন্যদিকে, মহিলাদের লং জ্যাম্পে কেরালার অ্যানসি সোজান এডাপ্পিলি নিজের পঞ্চম প্রচেষ্টায় ৬.৫৩ মিটার লাফিয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ রাউন্ডে চিনের ইয়িংয়িং হুয়াং ৬.৫৫ মিটার লাফিয়ে নাটকীয়ভাবে সোনা ছিনিয়ে নিলে রুপো জেতেন অ্যানসি। একই ইভেন্টে ভারতের শৈলী সিং ৬.৪২ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদকের খুব কাছাকাছি থাকলেও শেষ মুহূর্তে চতুর্থ স্থানে ছিটকে যান।
ট্র্যাক ইভেন্টেও সাফল্য পেয়েছে ভারত। মহিলাদের ২০০ মিটার স্প্রিন্টের টানটান ফাইনালে ২৩.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন হরিতাশ্রী ভদ্র। জাপানের প্রতিযোগী ইদো অ্যাবিগেইলফুকাকে (২৩.২১ সেকেন্ড) মাত্র ০.০১ সেকেন্ডের ব্যবধানে পেছনে ফেলে পোডিয়ামে নিজের স্থান নিশ্চিত করেন এই ভারতীয় অ্যাথলেট।
একই ইভেন্টের ফাইনালে ভারতের অপর স্প্রিন্টার উন্নতি আয়্যাপ্পা বোল্যান্ড ২৩.৪৮ সেকেন্ডে দৌড় শেষ করে ষষ্ঠ স্থান অর্জন করেন। একাধিক ইভেন্টে ভারতীয় অ্যাথলেটদের এই ধারাবাহিক পারফরম্যান্স এশিয়ান গেমসের পদক তালিকায় ভারতের অবস্থানকে আরও মজবুত করল।
