২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

 

আইচি নাগোয়া: এশিয়ান গেমসে হতাশ করলেন ভারতের কিংবদন্তি শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে অলিম্পিক্সে দুবারের পদকজয়ীকে। পাশাপাশি ব্যর্থ হয়েছে গোটা ব্যাডমিন্টন দলই।

পদকহীন থেকে অভিযান শেষ হওয়ার পরই বোমা ফাটালেন সিন্ধু। টুর্নামেন্টের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। জাপানে তাঁকে চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করলেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ম্যাচ খেলতে হয়েছে তাঁকে।

শনিবার সকালে ম্যাচ জেতেন সিন্ধু। তার মাত্র কয়েক ঘণ্টা পরেই ফের শেষ ষোলোর ম্যাচে নামতে হয় সিন্ধুকে। সেই ম্যাচের সময় ক্রমশ পিছোতে থাকে। ভারতীয় সময় গভীর রাতে সেই ম্যাচ শেষ হয়। আবার রবিবার সকালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামতে হয় সিন্ধুকে। সেই ম্যাচ হেরে যান তিনি।

ক্ষোভ উগরে দিয়ে সিন্ধু বলেছেন, “এশিয়ান গেমসের সূচি খুবই অগোছালো। রিকভারির সময় পাইনি। আমরা গভীর রাতে ঘুমিয়েছি। আবার রবিবার সকালে খেলতে নেমেছি। অথচ তরতাজা হয়ে নামাটা খুব গুরুত্বপূর্ণ।”

সিন্ধু আরও বলেন, “ব্যাপারটা শুধু মানসিক প্রস্তুতির নয়। ভাল খেলার জন্য শরীরও ঠিক থাকতে হয়। বিশেষ করে যখন ম্যাচে লম্বা র‍্যালি খেলা হচ্ছে। আমি হয়তো চাইছি ভাল শট খেলতে। কিন্তু আমার পা যাচ্ছে না। তা সত্ত্বেও বলব, আমি ভাল খেলেছি।” এখানেই শেষ নয়। সিন্ধু বলছেন, “আমার দু-তিনটে শট লাইনে পড়েছিল। কিন্তু আমাদের কোর্টে কোনও ক্যামেরা ছিল না। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অবশ্যই ক্যামেরা থাকা উচিত।”

রবিবার সকালে মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হয়েছিলেন চিনের চেন উফেইয়ের। যিনি অলিম্পিক্স চ্যাম্পিয়নও। প্রথম গেম সিন্ধু জেতেন ২১-১১ ব্যবধানে। দ্বিতীয় গেমেও হাড্ডাহাড্ডি লড়াই হয়। চিনা শাটলার জেতেন ২১-১৮ ব্যবধানে। শেষ গেমে সিন্ধু দাঁড়াতেই পারেননি। একপেশেভাবে ২১-১১ ব্যবধানে জেতেন চিনা শাটলার।

চলতি এশিয়ান গেমসে ভারতের ব্যাডমিন্টন দল এবার একটিও পদক আনতে পারল না।

(Feed Source: abplive.com)