এশিয়ান গেমসের হকি সেমিফাইনালে নাটক! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

এশিয়ান গেমসের হকি সেমিফাইনালে নাটক! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

 

আইচি নাগোয়া: এশিয়ান গেমসে (Asian Games 2026) হকির নাটকীয় সেমিফাইনাল। রুদ্ধশ্বাস ম্য়াচে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে গেল ভারত। সেই সঙ্গে রুপোর পদক নিশ্চিত করে ফেললেন হরমনপ্রীত সিংহরা।

বৃহস্পতিবার ম্যাচে নাটকীয় উত্থান পতন হল। শেষ মুহূর্তের গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল ভারত। জিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অভিষেকের শেষ মুহূর্তের গোলে শেষ হাসি ভারতের।

অথচ ম্যাচের শুরুটা ঠিল অন্যরকম। ভারতের দাপটের সামনে দাঁড়াতেই পারছিল না পাকিস্তান। অধিনায়ক হরমনপ্রীত সিংহের জোড়া গোল (৫ ও ১৩ মিনিট) এবং সুখজিৎ সিংহের (২৩ মিনিট) গোলে ভারত ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। ভারতের জয় সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল।

কিন্তু অন্যরকম কিছু ভেবেছিল পাকিস্তান। আবু মেহমুদ (৩০ মিনিট), হান্নান শাহিদ (৪৫ মিনিট) ও ওয়াহিদ রানা (৪৯ মিনিট) গোল করে ম্যাচ ৩-৩ করে দেন। একটা সময় মনে হচ্ছিল, নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হবে না। ম্যাচ হয়তো গড়াবে শ্যুট আউটে। একদম শেষ মিনিটে গোল করে (৬০ মিনিট) ৪-৩ করেন অভিষেক। ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফয়সালা হল একেবারে শেষ লগ্নে।

ফাইনালে মালয়েশিয়া ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে, তাদের বিরুদ্ধে খেলবে ভারত। শনিবার হবে সেই ম্যাচ। যেখানে সোনা জয়ের সুযোগ পাবেন হরমনপ্রীতরা। শুক্রবার ভারতের মহিলা হকি দলও ফাইনাল খেলবে। ফাইনালে তাদের সামনে চিন। ১৯৯৮ সালের পর এই প্রথম এশিয়ান গেমস হকির ফাইনালে খেলবে ভারতের পুরুষ ও মহিলা – দুই হকি দল। সোনা জিতলে হরমনপ্রীতরা সরাসরি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করবেন।

(Feed Source: abplive.com)