)
Video: ভারতীয় খাবারের মধ্যে পরোটা অত্যন্ত পরিচিত পদ। কিন্তু আমেরিকায় অ্যাপার্টমেন্টে পরোটা বানাতে গিয়ে যে এমন বিপত্তি হতে পারে, তা দেখিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর। চাটুতে পরোটা বানানোর সময় ধোঁয়া তৈরি হতেই বেজে ওঠে স্মোক অ্যালার্ম। তারপর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয়দের কাছে পরোটা মানেই পরিচিত স্বাদ। সকালের জলখাবার হোক কিংবা দুপুরের খাবার, আলু পরোটা, ফুলকপির পরোটা-র দেশীয় রান্নাঘরে বেশি প্রচলিত। কিন্তু আমেরিকায় গিয়ে এই চেনা খাবার বানাতেই যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, তা সম্ভবত ভাবেননি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর রীতু গুপ্তা। মার্কিন মুলুকে থাকেন রীতু। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই সেখানকার দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন। সম্প্রতি পরোটা বানানোর একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি।
সেই ভিডিয়োতেই দেখা যায়, সাধারণভাবে চাটুতে পরোটা বানাতে গিয়ে কীভাবে হঠাৎ পরিস্থিতি বদলে যায়। ভিডিয়োর শুরুতেই মজার ছলে রীতু লেখেন, আমেরিকায় পরোটা বানাও, ফায়ার ডিপার্টমেন্ট নিজেই চলে আসবে! এরপর তিনি দেখান, কীভাবে চাটুর পরোটা তৈরি করছেন। কিন্তু রান্নার সময় ঘরে ধোঁয়া ছড়াতেই আচমকা বেজে ওঠে স্মোক অ্যালার্ম।
অ্যালার্মের তীব্র শব্দে রীতুকে দ্রুত ঘরের ধোঁয়া বের করার চেষ্টা করতে দেখা যায়। তাঁর কথায়, আমেরিকার অ্যাপার্টমেন্টের স্মোক অ্যালার্ম ধোঁয়া শনাক্ত করলেই দ্রুত সক্রিয় হয়ে যায়। ফলে ভারতীয় রান্নার সময় তৈরি হওয়া সামান্য ধোঁয়াও কখনও কখনও সমস্যার কারণ হতে পারে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ রীতুর অভিজ্ঞতার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছেন, আবার কেউ আমেরিকার অগ্নিনিরাপত্তা ব্যবস্থার দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। অনেকে আবার মজার মন্তব্য করে বলেছেন, ভারতে পরোটা বানাতে এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা অনেক কম!
সব মিলিয়ে, রীতুর কয়েক মিনিটের রান্নার ভিডিওই হয়ে উঠেছে নেটদুনিয়ার মজার আলোচনার বিষয়। পরোটা বানানোর মতো একেবারে পরিচিত ভারতীয় রান্নাও যে বিদেশের অ্যাপার্টমেন্টে কখনও কখনও অন্যরকম অভিজ্ঞতা তৈরি করতে পারে, সেই বিষয়টিই মজারভাবে সামনে এনেছে ভিডিয়োটি।
(Feed Source: zeenews.com)
