আগরকরের বদলি চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের, ভারতীয় দলের নির্বাচক হতে গেলে কী যোগ্যতা লাগবে?

আগরকরের বদলি চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের, ভারতীয় দলের নির্বাচক হতে গেলে কী যোগ্যতা লাগবে?

 

মুম্বই: পরের বিশ্বকাপে (ODI World Cup 2027) কোন ক্রিকেটারেরা ভারতীয় দলে (Team India) সুযোগ পাবেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজেই বা কারা খেলবেন, তা চূড়ান্ত করার গুরুদায়িত্ব থাকে তাঁদের কাঁধে। ভারতের সিনিয়র নির্বাচক কমিটি। পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে একটি পদ শূন্য হয়েছে। প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৪ অক্টোবর। আগরকর আর চুক্তি নবীকরণ চাননি। তাঁর পরিবর্ত হিসাবে একজনকে নেওযার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হল, নির্বাচক কমিটির একটি পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া হল, সিনিয়র নির্বাচক কমিটির গুরুদায়িত্বও। ভারতের টেস্ট, ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটের দল বেছে নেয় যারা। সেই সঙ্গে দেশের প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের চিহ্নিত করার কাজও করে নির্বাচক কমিটি। যাতে জাতীয় দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হয়।

কী কী দায়িত্ব?

  • স্বচ্ছতার সঙ্গে প্রতিভা খুঁজে এনে ভারতের সেরা জাতীয় দল নির্বাচন করতে হবে এবং রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে হবে।
  • ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ থেকে প্রতিভা তুলে আনতে হবে এবং সব ফর্ম্যাটে জাতীয় দলের সমৃদ্ধি ঘটাতে হবে।
  • টিম মিটিংয়ে যোগদান করতে হবে এবং প্রয়োজন মাফিক ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ দেখতে যেতে হবে।
  • ত্রৈমাসিকভাবে ভারতীয় ক্রিকেট দলের মূল্যায়ন করে রিপোর্ট প্রস্তুত করতে হবে ও তা ভারতীয় বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলকে পেশ করতে হবে।
  • দল নির্বাচনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে হবে।
  • প্রত্যেক ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক নির্বাচন করতে হবে।

আবেদন করতে হলে কী যোগ্যতামান থাকতে হবে?

  • অন্তত সাতটি টেস্ট ম্যাচ খেলতে হবে, বা
  • অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে, বা
  • ১০টি ওয়ান ডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে
  • অন্তত পাঁচ বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এমন কেউই আবেদন করতে পারবেন
  • ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও ক্রিকেট কমিটির সদস্য হিসাবে ৫ বছর কাটিয়ে ফেললে তিনি আবেদন করতে পারবেন না

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ১৪ অক্টোবর বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন জমা করা যাবে। আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই হওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

(Feed Source: abplive.com)