কবিতার এই অবিশ্বাস্য শারীরিক সক্ষমতা দেখে অন্যান্য প্রতিযোগী থেকে শুরু করে প্রশিক্ষকরাও অবাক হয়ে যান৷
খালি পায়ে, শাড়ি পরেই ছুটলেন কবিতা৷ ছবি- এক্স
পুলিশের হোমগার্ডের চাকরি পেতেই হবে৷ তাই খালি পায়ে, শাড়ি পরেই প্রাণপণে ছুটে চলেছেন একজন তরুণী৷ তিনি আসলে একজন মা৷ নিজের সন্তানদের কথা ভেবে হোমগার্ডের চাকরি পাওয়ার জেদই ফুটে উঠছিল ঝাড়খণ্ডের বাসিন্দা ২৭ বছর বয়সি কবিতার চোখেমুখে৷
হোমগার্ডের চাকরির জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষায় শাড়ি পরে খালি পায়ে কবিতার দৌড়ের সেই ভিডিও-ই এখন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ হোমগার্ডের চাকরির জন্য ১৬০০ মিটার দৌড় শেষ করার জন্য ১০ মিনিট সময় বরাদ্দ করা থাকলেও মাত্র ৬ মিনিটেই সেই দূরত্ব অতিক্রম করেন কবিতা৷
২৭ বছর বয়সি কবিতা ঝাড়খণ্ডের রামগড় জেলার সোসো গ্রামের বাসিন্দা৷ তিন বছর আগেই দীর্ঘ অসুস্থতার পর কবিতার স্বামী দীপক মাহাতোরও মৃত্যু হয়৷ তার পর থেকেই নিজের দুই সন্তানকে বড় করতে বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজে যোগ দেন কবিতা৷ পাশাপাশি নিজের সন্তান ও পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সরকারি চাকরির চেষ্টাতেও ছিলেন তিনি৷
সেই লক্ষ্যেই পুলিশ অথবা হোমগার্ডের চাকরির জন্য প্রস্তুতি নিতে প্রত্যেকদিন ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়তেন কবিতা৷ নিজের সন্তানদের ঘুম ভাঙার আগে গ্রামের রাস্তাতেই চলত তাঁর দৌড় অনুশীলন৷ ফলে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বলেই নির্দিষ্ট সময়ের আগেউ ১৬০০ মিটারের দৌড় শেষ করেন কবিতা৷ যেহেতু জুতো কেনার মতো সামর্থ্য ছিল না, তাই খালি পায়েই দৌড়তেন কবিতা৷
ঝাড়খণ্ডে হোমগার্ডের নিয়োগের সরকারি পরীক্ষার আগে একটি স্থানীয় প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য পরীক্ষামূলক দৌড়ের আয়োজন করা হয়েছিল৷ সেখানেই হাজির হন কবিতা৷ সরকারি শারীরিক সক্ষমতার পরীক্ষায় ১০ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় শেষ করতে হয়৷ সেখানে কবিতা সময় নেন মাত্র ৬ মিনিট৷
আগামী ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে ঝাড়খণ্ডে হোমগার্ড নিয়োগের জন্য সরকারি ভাবে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে৷ সেই পরীক্ষায় যোগ্যতা অর্জনই এখন কবিতার প্রধান লক্ষ্য৷
রামগড় জেলায় হোমগার্ডের জন্য ২৮৪টি শূন্যপদ রয়েছে৷ এর মধ্যে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত৷ তার উপর বিধবা এবং বিবাহবিচ্ছিন্নাদের জন্য অতিরিক্ত আরও ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে৷ ফলে কবিতার চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল৷
(Feed Source: news18.com)