চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ

চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ

 

নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়। আপাতত তিন ম্যাচের পরে ২-১ সিরিজ়ে এগিয়ে রয়েছে ভারত। তবে এই তিন ম্যাচের একটিতেও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) খেলার সুযোগ পায়নি। এরপরেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্বৈরাচারী বলে তীব্র আক্রমণ শানালেন বৈভব সূর্যবংশীর কোচ।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বৈভবের পরিবর্তে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকেই ওপেনার হিসাবে বেছে নিয়েছে ভারতীয় দল। তবে তাঁর ছাত্র সুযোগ না পাওয়ায় মণীশ ওঝা ক্ষোভে ফেটে পড়েন। তাঁর দাবি তাঁর ছাত্র খেলার সুযোগ না পাওয়ায় তাঁর উন্নতিও আটকে যাচ্ছে। Times Now-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওঝা বলেন, ‘বর্তমান ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করে বেঞ্চে বসিয়েই খেলোয়াড় তৈরি হয়ে যাবে। ওরা সেটাই করছে। কিংবদন্তিদের আপনি জিজ্ঞেস করলে ওরাও বলবেন যে পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হলে ওদের বিভিন্ন পরিস্থিতিতে ফেলতে হবে, ওদের খেলাতে হবে। বেঞ্চে বসে বসে তো আর কোনও খেলোয়াড় তৈরি হয়নি, আর হবেও না।’

এরপরেই ভারতীয় ম্যানেজমেন্টকে একহাত নিয়ে তাঁর দাবি, ‘এই বয়সের বাচ্চা যত খেলবে, ততই তো পরিপক্ক হবে, খেলা উন্নতি ঘটবে। তা না করে ও বাইরে বসে জল দিচ্ছে। আমার মতে বর্তমানের এই ম্যানেজমেন্ট একেবারে স্বৈরাচার করছেন। ওদের মনে যা ইচ্ছা ওরা সেটাই করছে।’

আজ ফের একবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় একে অপরের মুখোমুখি হবে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হবে। এই ম্যাচে বৈভব সুযোগ পায় কি না, সেইদিকে সকলের নজর থাকবে। ফের কিন্তু একবার এই ম্যাচে রানের পাহাড় দেখার সম্ভাবনা রয়েইছে।

রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচও কিন্তু ব্যাট সহায়ক এবং একেবারে পাটা হয়ে থাকে। এই পিচে ভাল বাউন্স এবং গতি থাকায় বল খুব সুন্দরভাবে ব্য়াটে আসে, যাতে বড় শট মারতে ব্যাটারদের খুব সুবিধাই হয়। সত্যি বলতে বোলারদের জন্য এই পিচে তেমন কোনও মদত নেই। স্পিনার হোক বা ফাস্ট বোলার, কোনও ধরনের বোলারদের জন্যও সাহায্য থাকে না।

আইপিএলে তো সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা এই পিচেই বড় বড় রান তোলেন, ব্যাট হাতে একাধিকবার অভিষেক শর্মা ঝড় তুলেছেন উপ্পলে। তিনি ভাল ফর্মেও রয়েছেন। তাই ফের একবার সমর্থকরা কিন্তু একটি হাই স্কোরিং ম্য়াচের আশা করতেই পারেন। প্রথমে ব্যাট করা দল অন্তত ২১০ থেকে ২২০ রানের আশাপাশে বোর্ডে তোলার চেষ্টা করবে। দু’শোর কম রান ডিফেন্ড করা এই পিচে অন্তত খুবই কষ্টকর হতে চলেছে।

(Feed Source: abplive.com)