
Yuvraj Singh Sourav Ganguly Secret Talk: ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং সম্প্রতি সেই কথোপকথন সম্পর্কে মুখ খুলেছেন, যা আইপিএল ২০২৭-র আগে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর হয়েছিল।
কলকাতা: ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে ভারতের অধিনায়ক হিসেবে সৌরভের ইনিংস শুরু হওয়ার পরে ২০০০ সালে ভারতের জার্সি গায়ে অভিষেক হয়েছিল যুবরাজ সিংয়ের৷ আগ্রাসনের আরেক নাম যুবি- দাদার গাইডেন্সেই দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছিলেন৷ আবার তাঁর দ্বিতীয় ইনিংসেও পা রাখলেন সেই দাদার হাত ধরেই৷ ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং সম্প্রতি জানিয়েছেন, ২০২৭ সালের আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছিল। দিল্লি-ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি তাদের সাপোর্ট স্টাফের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে; সৌরভ গঙ্গোপাধ্যায় এখন প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন এবং যুবরাজ তাঁর সহকারী হিসেবে যোগ দিয়েছেন।
দাদা তাঁকে সহকারি হতে বলার পরেই কী করেছিলেন যুবি এই প্রশ্নের উত্তরে ভারতীয় ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় যুবরাজ বললেন, “তিনি (সৌরভ গঙ্গোপাধ্যায়) বললেন, ‘তুমি কি আমার সহকারী হবে?’ আর আমি বললাম, ‘গত ২৫ বছর ধরেই তো আমি আপনার সহকারী হিসেবে কাজ করছি, তাই সম্ভবত সেই একই কাজই আমাকে করতে হবে!’
সৌরভের সম্পর্কে যুবরাজ আরও বলেন, “দাদার কাছ থেকে আমি সবচেয়ে ভালো যে বিষয়টি শিখেছি তা হলো, কীভাবে একটি ভালো দলীয় পরিবেশ গড়ে তুলতে হয়। তিনি যখন অধিনায়ক ছিলেন এবং আমি যখন অভিষেক ম্যাচ খেলছিলাম, তখন তিনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। তিনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছিলেন যে, আমরা একটি দুর্দান্ত দল হয়ে উঠতে পারি এবং ভারতের বাইরেও বিভিন্ন টুর্নামেন্ট জিততে পারি৷”
“তিনি সবসময়ই আমার কাছে বড় ভাইয়ের মতো ছিলেন—সে দল নির্বাচনের বিষয়টি বুঝতে সাহায্য করাই হোক, আমাকে দিকনির্দেশনা দেওয়া হোক, কিংবা একজন ভালো আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ওঠার জন্য কী প্রয়োজন তা দেখানোই হোক৷” আইপিএলে নিজেদের প্রথম খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাবে দিল্লি ক্যাপিটালস এখন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তীর আগ্রাসী কোচিংয়ের হাত ধরে৷ এই দুই ক্রিকেটার নিজেদের খেলোয়াড়ি জীবনে জাতীয় দলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
২০০০ সালে সৌরভের অধিনায়কত্বে যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। দীর্ঘ সময় ধরে এই জুটি ভারতের হয়ে দারুণ সাফল্য এনেছিল৷ এদের পার্টনারশিপ নিয়ে স্মরণীয় জয়ে অবদান রেখেছিল। দিল্লি ক্যাপিটালস তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে যুবরাজ জানিয়েছেন যে, সৌরভ তাকে সহকারী কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শুভমান গিল ও অভিষেক শর্মা সহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের পরামর্শদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর, যুবরাজ ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে নতুন এই চ্যালেঞ্জ গ্রহণ করার বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
যুবরাজ আরও বলেন, “আমি এই সুযোগ পেয়ে খুবই আনন্দিত। এই সুযোগটির জন্য আমি গত তিন-চার বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি। আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি, তবে পুরো দলের পরিবেশের অংশ হওয়াটা একটি ভিন্ন অভিজ্ঞতা হবে এবং আমি তা নিয়ে সত্যিই খুব উচ্ছ্বসিত৷”
(Feed Source: news18.com)
