Abhijeet Dipke: নয়াদিল্লিতে BNSS-এর ১৬৩ ধারা জারি, বিক্ষোভ না করতে অভিজিৎ দিপকেকে পুলিশের আবেদন।
রাজধানীতে CJP নেতা অভিজিৎ দিপকের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ
নয়াদিল্লি: রাজধানীতে CJP নেতা অভিজিৎ দিপকের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ। তাঁর বাড়িতে গিয়ে বিক্ষোভ মিছিল না করার নির্দেশ দিয়ে নোটিস দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নয়াদিল্লি এলাকায় BNSS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। সেই বিষয়ে অভিজিৎকে জানানোর পাশাপাশি আইন লঙ্ঘন করে কোনও জমায়েত বা বিক্ষোভ না করার আবেদন জানিয়েছে পুলিশ।
ককরোচ জনতা পার্টির “তিরঙ্গা মার্চ” ঘিরে আঁটসাঁট নিরাপত্তা কনৌট প্লেস জুড়ে। বিপুল সংখ্যায় মোতায়েন হয়েছে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। বেলা তিনটে থেকে সিপি সংলগ্ন একাধিক রাস্তায় যাতায়াত বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।
সিপির সেন্ট্রাল পার্ক বন্ধের জন্য গতকাল রাতেই নেটিস ঝুলিয়েছে NDMC। ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের তরফে বিষয়টি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে উল্লেখ করা হয়, সর্বোচ্চ আদালত কোনও নির্দেশ না দিলেও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন– তাঁরা যদি মনে করে ক্ষতির পরিমাণ অত্যধিক বেশি হচ্ছে তাহলে তাঁরা আইনি এক্তিয়ারে ক্ষতিপূরণের বিষয়ে দেখবেন। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে সিজেপির তরফে কনৌট প্লেসের সেন্ট্রাল পার্কে তিরঙ্গা মার্চের ডাক দেওয়া হয়েছে।
এই কর্মসূচিকে ঘিরে দিল্লি পুলিশের তরফেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের DCP PRO নেহা যাদব সাধারণ মানুষকে BNSS-এর ১৬৩ ধারায় জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কোনও জমায়েতে অংশ না নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, উপযুক্ত কোনও স্থানে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য জমায়েতের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। প্রশাসনিক কারণে সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত এবং পুলিশের সতর্কবার্তার জেরে CJP-র প্রস্তাবিত কর্মসূচি ঘিরে পরিস্থিতির দিকে নজর রয়েছে।
মৈত্রেয়ী ভট্টাচার্য
(Feed Source: news18.com)