Durga Puja Travel: পুজোয় কম খরচে ডে ট্যুরের প্ল্যান? লিস্টে রাখুন এই ঠিকানা, কলকাতার কাছেই মন ভাল করার সেরা জায়গা

Durga Puja Travel: পুজোয় কম খরচে ডে ট্যুরের প্ল্যান? লিস্টে রাখুন এই ঠিকানা, কলকাতার কাছেই মন ভাল করার সেরা জায়গা

Durga Puja Travel: শহরের যান্ত্রিক ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে পুজোয় একদিনের ছোট ট্রিপের পরিকল্পনা থাকলে ঘুরে আসতে পারেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়া! বাবা লোকনাথ মন্দিরের আধ্যাত্মিক পরিবেশের ঠিক পাশেই সবুজে ঘেরা ‘শান্তিদাম উদ্যান’ পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ এক গন্তব্য।

কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু প্রশান্তির খোঁজে অনেকেই ছুটে যেতে চান শহরের কোলাহল থেকে দূরে। তবে তার জন্য সবসময় দূরের কোনও পর্যটনকেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। কলকাতার কাছেই উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার কচুয়ায় রয়েছে এমনই এক নিরিবিলি ঠিকানা—শান্তিধাম উদ্যান। পুজোর ছুটিতে কম বাজেটে একদিনের ভ্রমণের পরিকল্পনা থাকলে এই জায়গাটি হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুন্দর গন্তব্য।

কচুয়া বলতেই প্রথমে মনে আসে বাবা লোকনাথের মন্দিরের কথা। সারা বছরই দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত কচুয়া লোকনাথ মন্দিরে আসেন। সেই তীর্থস্থানের একেবারে কাছেই রয়েছে শান্তিধাম উদ্যান। ফলে একই দিনে একদিকে যেমন লোকনাথ মন্দিরে পুজো ও দর্শন করা যায়, অন্যদিকে তেমনই সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটিয়ে নেওয়া সম্ভব।

কচুয়া লোকনাথ মন্দির থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় শান্তিধাম উদ্যানে। মন্দিরের ব্যস্ততা পেরিয়ে উদ্যানের ভিতরে ঢুকলেই বদলে যায় পরিবেশ। এক চিলতে শান্ত, স্নিগ্ধ ও মনোরম জায়গায় গড়ে ওঠা এই উদ্যানের এক পাশে রয়েছে বড় জলাশয়। জলাশয়ের মাঝখানে ঝরনার অবয়বও নজর কাড়ে। চারপাশে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ, যা জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

শুধু বড়দের জন্য নয়, শিশুদের জন্যও রয়েছে সময় কাটানোর ব্যবস্থা। পার্কের ভিতরে রয়েছে দোলনা-সহ নানা খেলাধুলার উপকরণ। ঘন সবুজ গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে তৈরি করে আলো-ছায়ার এক সুন্দর পরিবেশ। তার সঙ্গে চারপাশে পাখির ডাক—সব মিলিয়ে শহরের ব্যস্ততা থেকে কিছুক্ষণের জন্য নিজেকে দূরে সরিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়।

একদিনের ছোট্ট ভ্রমণে তাই কচুয়া হতে পারে বেশ আকর্ষণীয় গন্তব্য। শান্তিধাম উদ্যানে এসে পরিবারের সঙ্গে সময় কাটানো যেতে পারে। তীর্থদর্শনের পাশাপাশি প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানোর সুযোগ থাকায় শিশু থেকে বয়স্ক—সকলের কাছেই এই সফর হয়ে উঠতে পারে আনন্দের।

পুজোর ছুটিতে দূরে কোথাও যাওয়ার সময় বা সুযোগ না থাকলে কলকাতার কাছাকাছি একদিনের ভ্রমণের তালিকায় কচুয়াকে রাখতে পারেন। লোকনাথ মন্দিরের আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি শান্তিধাম উদ্যানের সবুজ, জলাশয় ও নিরিবিলি পরিবেশ মিলিয়ে একই সফরে পাওয়া যাবে ভক্তি ও ভ্রমণের দু’ধরনের স্বাদ। তাই পুজোর ছুটিতে একদিনের সফরে ঘুরে আসতে পারেন কচুয়ার শান্তিধাম উদ্যান।

(Feed Source: news18.com)