IND vs NZ: নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজের জন্য দুটি ভিন্ন দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম ৩ ম্যাচে দল ও শেষ ২ ম্যাচের দলে রয়েছে পার্থক্য। তৃতীয় ও চতুর্থ ম্যাচের ওডিআই স্কোয়াডে ডাক পেয়েছেন কুমাগ্র কুশাগ্র।
কে এই ভারতীয় দলের তরুণ তারকা কুমার কুশাগ্র?
ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অবশেষে ভারতীয় দলে ডাক পেলেন উদীয়মান উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন ঝাড়খণ্ডের এই ডানহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে তাঁর সাম্প্রতিক ধারাবাহিক ও লড়াকু ফর্মই তাঁকে প্রথমবারের মতো জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।
কুমার কুশাগ্র জন্ম ২০০৪ সালের ২৩ অক্টোবর। ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪২-এর বেশি গড়ে মোট ২,৫০৭ রান সংগ্রহ করেছেন। ঘরোয়া সার্কিটে তিনি তিন থেকে ছয় নম্বরের মধ্যে যেকোনো পজিশনে ব্যাট করতে সক্ষম। মিডিল অর্ডারে তিনি একজন পরীক্ষিত ব্যাটার। চরম প্রতিকূল ও চাপের পরিস্থিতিতেও দলের ইনিংস সামলানোর ক্ষমতা রয়েছে তাঁর।
ক্রিকেটের কঠোর অনুশাসনের মধ্যেই কুশাগ্র-র বেড়ে ওঠা। তাঁর বাবা শশীকান্ত, যিনি জিএসটি-র ডিস্ট্রিক্ট কমিশনার এবং নিজে কখনো ক্রিকেট খেলেননি, ছেলের জন্য কোচিংয়ের বই কিনে এনে ঘরের দেয়ালে ভালো শটের ছবি টাঙিয়ে রাখতেন। এমএস ধোনিকে নিজের আদর্শ মেনে মাত্র ১০ বছর বয়সে উইকেটকিপিং শুরু করা কুশাগ্র মাত্র ১৫ বছর বয়সেই ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
২০২২ সালে রনজি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে নাগাল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৭ বছর ১৪১ দিন বয়সে ২৬৬ রানের ঐতিহাসিক ইনিংস খেলে সকলের নজর কাড়েন তিনি, যা তাঁকে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫০ রান করা সর্বকনিষ্ঠ ব্যাটার বানিয়েছিল। এরপর আইপিএলে ৭.২ কোটি টাকার বিশাল মূল্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেও বড় সাফল্য পাননি। তবে ২০২৫ সালে গুজরাত টাইটান্সে যোগ দেন এবং ২০২৬-এ রিটেইন হয়ে তিনি আইপিএলে নিজের অভিষেক ম্যাচ খেলেন।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাট থেকে একের পর এক দুর্দান্ত ইনিংস এসেছে। ২০২৫-২৬ মরশুমে ঝাড়খণ্ডকে প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতাতে বড় ভূমিকা নেওয়ার পাশাপাশি ফাইনালে তিনি ৩৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া রনজি ট্রফিতে বরোদার বিরুদ্ধে ২৩৪ রানের ম্যারাথন ইনিংস এবং সাম্প্রতিক দলীপ ট্রফি ও ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে তাঁর শতরান তাঁর আত্মবিশ্বাস ও ধারাবাহিকতার প্রমাণ দেয়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে আসা কুমার কুশাগ্রর সামনে এখন আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা পুরোপুরি মেলে ধরার সোনালী সুযোগ। ঘরোয়া ক্রিকেটের এই চেনা লড়াকু মেজাজ আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনাতে সুযোগ পেলে তা ধরে রাখতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তরুণ উইকেটকিপার-ব্যাটার।
(Feed Source: news18.com)