Discover Darjeeling App: দার্জিলিং ঘুরতে গেলে আর চিন্তা নেই! ফোনে রাখুন এই অ্যাপ, হোটেল থেকে খাবার, সব তথ্য মিলবে এক ক্লিকেই

Discover Darjeeling App: দার্জিলিং ঘুরতে গেলে আর চিন্তা নেই! ফোনে রাখুন এই অ্যাপ, হোটেল থেকে খাবার, সব তথ্য মিলবে এক ক্লিকেই

 

Discover Darjeeling App: পুজোয় পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? চালু হল ‘ডিসকভার দার্জিলিং’ অ্যাপ। হোটেল, হোমস্টে, খাবারের জায়গা, অ্যাডভেঞ্চার সার্কিট, যাতায়াতের পথ ও দুর্গাপুজোর তথ্য মিলবে এক অ্যাপেই

পাহাড়ে বেড়ানোর জন্য চালু ‘ডিসকভার দার্জিলিং’ অ্যাপ, পর্যটকদের কী কী সুবিধা মিলবে?

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? কোথায় থাকবেন, কোন পথে যাবেন, কোথায় মিলবে ভালো খাবার কিংবা কোন অ্যাডভেঞ্চার সার্কিট ঘুরে দেখবেন—এবার এই সমস্ত তথ্য হাতের মুঠোয় আনতে উদ্যোগী হল দার্জিলিং জেলা প্রশাসন। পর্যটকদের সুবিধার্থে শুক্রবার ষষ্ঠীর শুভ তিথিতে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে চালু হল ‘ডিসকভার দার্জিলিং’ ট্যুরিজম অ্যাপ। দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এই অ্যাপের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী ডা. শংকর ঘোষ। জেলার পর্যটনকে আরও সহজলভ্য করে তোলা এবং পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাকে সুবিধাজনক করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন এই অ্যাপে পর্যটকরা জেলার বিভিন্ন হোটেল, হোমস্টে, রিসর্ট, খাবারের জায়গা এবং যাতায়াত সংক্রান্ত তথ্য পাবেন। শুধু তাই নয়, অ্যাডভেঞ্চার সার্কিট, ফুড সার্কিট এবং বন্যপ্রাণ সংক্রান্ত তথ্যও থাকছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে। ফলে দার্জিলিং জেলার পরিচিত পর্যটনকেন্দ্রগুলির পাশাপাশি নতুন নতুন জায়গা ঘুরে দেখার পরিকল্পনাও করা যাবে সহজেই। পর্যটকদের সুবিধার্থে ট্রাফিক ম্যাপের পাশাপাশি পুজো গাইড ম্যাপ হিসেবেও কাজ করবে এই অ্যাপ। জেলার বেশ কিছু দুর্গাপুজো সম্পর্কিত তথ্যও এতে যুক্ত করা হয়েছে।

অ্যাপটি চালু হওয়ায় পর্যটন সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য একাধিক জায়গায় খোঁজখবর করার প্রয়োজন কমবে বলে মনে করা হচ্ছে। কোথায় থাকা যায়, কোথায় খাবার পাওয়া যাবে, কোন পর্যটন সার্কিট বেছে নেওয়া যেতে পারে কিংবা কীভাবে গন্তব্যে পৌঁছনো সম্ভব—একটি অ্যাপ থেকেই সেই সম্পর্কে ধারণা পাবেন পর্যটকরা। বিশেষত পুজোর মরশুমে উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় বাড়ার সময় এই অ্যাপ ভ্রমণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাশাপাশি জেলার পর্যটন সম্পদকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার ক্ষেত্রেও এটি সহায়ক হবে বলে আশা জেলা প্রশাসনের।

অ্যাপের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী ডা. শংকর ঘোষ বলেন, উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে। দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এই মোবাইল অ্যাপের প্রশংসা করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, রাজ্যের পর্যটন দফতর সামগ্রিকভাবে রাজ্যের পর্যটনকে তুলে ধরার জন্য একটি অ্যাপ তৈরির কাজ করছে। তবে জেলার নিজস্ব এই অ্যাপ পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষেরও বিশেষ উপকারে আসবে। পাশাপাশি প্রতিটি জেলায় এ ধরনের অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি, যাতে পর্যটন সংক্রান্ত তথ্য সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের রাজ্য পুলিশের আইজি সুকেশ জৈন, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা এবং দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিকর-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ডিজিটাল পরিষেবার মাধ্যমে পর্যটন ব্যবস্থাকে আরও সুসংহত করার ক্ষেত্রে ‘ডিসকভার দার্জিলিং’ অ্যাপ নতুন দিশা দেখাবে বলেই আশা করা হচ্ছে। পাহাড়, চা-বাগান, ঐতিহ্য, বন্যপ্রাণ এবং অ্যাডভেঞ্চারের নানা অভিজ্ঞতা এক ছাতার তলায় এনে পর্যটকদের কাছে দার্জিলিং জেলাকে আরও আকর্ষণীয় করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

(Feed Source: news18.com)