)
Durga Puja Sandhi Puja 2026: মহাষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিটে সম্পন্ন হয় সন্ধিপুজো। সন্ধিপুজোয় দেবী দুর্গা পূজিত হন দেবী চামুণ্ডা রূপে। দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করে এবং ১০৮টি প্রদীপ জ্বালিয়ে সন্ধিপুজো সম্পন্ন করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাষ্টমী শেষ আর মহা নবমী শুর– এই সন্ধিক্ষণেই সন্ধিপুজো। তাই অষ্টমী শেষ হতে না হতেই সন্ধিপুজোর প্রসঙ্গ ওঠে। সন্ধিপুজো পেরিয়ে গেলেই নবমী। মহাষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং মহা নবমীর প্রথম ২৪ মিনিটে সম্পন্ন হয় এই সন্ধিপুজো। সন্ধিপুজোয় দেবী দুর্গা পূজিত হন দেবী চামুণ্ডা রূপে। সন্ধিপুজোয় দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করা বিধি, দেবীর সামনে ১০৮টি প্রদীপ জ্বালানো বিধি।
১০৮টি পদ্ম ও প্রদীপ
সন্ধিপুজোয় ১০৮টি পদ্ম মায়ের পায়ে নিবেদন করা হয়। মায়ের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মাটির তৈরি ১০৮টি প্রদীপ। সন্ধিপূজায় অন্যান্য উপকরণ হিসেবে লাগে স্বর্ণাঙ্গুরীয়ক (একটি), লোহা ও নথ (একটি করে), চেলি কাপড় (একটি), শাড়ি (একটি), মধুপর্কের কাঁসার বাটি (একটি), থালা (একটি), ঘড়া (একটি), দই, চিনি, মধু, ঘৃত, বালিশ (একটি), মাদুর (একটি), চাঁদমালা (একটি) এবং ভোগ ও আরতির উপকরণ। প্রধান নৈবেদ্য হিসেবে থাকে কোনও লাল ফল এবং ফুলের মধ্যে জবা ফুল থাকতেই হবে।
সন্ধিপুজো কেন এত বিশিষ্ট?
পুরাণে বর্ণিত আছে, অষ্টমী-নবমী তিথির এই সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড ছিন্ন করেছিলেন রামচন্দ্র। সন্ধি পূজার মাহাত্ম্য প্রসঙ্গে আরও বলা হয় যে, অষ্টমীনবমীসন্ধিকালোয়ং বৎসরাত্মীঃ।/ তত্রৈব নবমী ভাগঃ কালঃ কল্পাত্মকো মম॥– এর অর্থ– অষ্টমী-নবমীর সন্ধিকালের পূজা এক বছরের তুল্য। অর্থাৎ, দেবীর সারাবছর ব্যাপী পূজায় যে ফল হয়, সন্ধিক্ষণের অষ্টমীভাগে একবার পূজা করলে সেই ফলের তুল্য ফল হয়। আর কল্পকাল পূজা করলে যে-ফল হয়, সন্ধির নবমীভাগে পূজা করলে সেই ফল হয়। সুতরাং, বোঝাই যাচ্ছে, কত বিপুল তাৎপর্যপূর্ণ সন্ধিপুজো।
এবার কবে-কখন সন্ধিপুজো
এবার কবে-কখন সন্ধিপুজো? মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণের এই বিশেষ পুজোর আয়োজন এবার করা হবে ২৭ আশ্বিন ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমীর সকালে। সকাল ৭ টা ৫০ মিনিট পর্যন্ত মহাষ্টমী। সকাল ৭টা ২৬-এর পর থেকে সকাল ৮ টা ১৪ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন। সন্ধিপুজোর অন্যতম প্রধান আকর্ষণ ১০৮টি প্রদীপ জ্বালানো এবং ১০৮টি পদ্মনিবেদন।
(Feed Source: zeenews.com)
