গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী

গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী

 

মধ্যপ্রদেশ : পরিমাণের থেকে বেশি ধান নিয়ে যাচ্ছিল ট্রাক। বেসামাল হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তা গিয়ে পড়ে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের শীতলা মন্দিরে আগত ভক্তদের উপর। এই দুর্ঘটনার জেরে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত ট্রাকের চালক গুগল ম্যাপ অনুসরণ করছিলেন। কোনও ‘শর্টকাট রুট’ অনুসরণ করতে গিয়েই ঘটেছে বিপত্তি। ট্রাকটি এমন রাস্তায় পৌঁছয় যেখানে ভারী যানবাহন চলাচলের যোগ্য।

পুলিশ সূত্রে খবর, ট্রাকটি আসছিল ডেবরা মান্ডি থেকে। ধান বোঝাই ওই ট্রাকের চালক এবং মালিককে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ধান বোঝাই ওই ট্রাকটি এমন একটি রাস্তা দিয়ে যাচ্ছিল যা যথেষ্টই খাঁড়া রাস্তা এবং ভারী যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়। পুলিশ সূত্রে খবর, ট্রাক চালক অন্য জায়গায় লোক। সম্ভবত গুগল ম্যাপ দেখে গন্তব্যে যাচ্ছিলেন তিনি। আর সেখানে ‘শর্টকাট রুট’ অনুসরণ করছিলেন তিনি। আর তাতেই ঘটেছে বিপদ। মন্দিরের কাছে এসে ট্রাকের ব্রেক ফেল হয় এবং ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ভারী যানবাহন কখনই ওই রাস্তা দিয়ে চলে না যেখানে দুর্ঘটনা ঘটেছে। এমনকী পার্কিং লট, ব্যারিকেড, চেক পয়েন্ট সব ব্যবস্থাই ছিল ঠিকঠাক। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের একটি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে ওই সীমাবদ্ধ এলাকায় ট্রাকটি ঢুকল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।