মুম্বইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মোটরবাইকে চেপে আসা তিন অজ্ঞাতপরিচয় অভিযুক্তের খোঁজে তদন্ত চলছে। মুম্বই পুলিশ জানিয়েছে, টাইগার শ্রফ নিরাপদে রয়েছেন এবং গুলিতে আহত হননি। ঘটনায় তাঁর গাড়িচালক ও এক অটোচালক আহত হয়েছেন বলে খবর।
মুম্বইয়ে টাইগারকে লক্ষ্য করে গুলি!
মুম্বই: মুম্বইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে খবর ছড়িয়েছিল, এই ঘটনায় আহত হয়েছেন টাইগার শ্রফ-সহ আরও দু’জন। তবে, পরে মুম্বই পুলিশ স্পষ্ট করে জানায়, অভিনেতা নিরাপদে রয়েছেন। গুলিতে তিনি আহত হননি। ঘটনায় টাইগারের গাড়িচালক এবং এক অটোচালক আহত হয়েছেন বলে খবর।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরবাইকে চড়ে এসে পুষ্পা পার্কে গুলি চালায়। এরই মধ্যে সমাজমাধ্যমে গ্যাংস্টার অনিল পণ্ডিতের নামে একটি পোস্ট ছড়িয়েছে। ওই পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে এই হামলার দায় স্বীকার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
মুম্বইয়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও। মুম্বইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা সচিন সাওয়ন্ত। মহারাষ্ট্র সরকার অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও অভিযোগ করেছেন তিনি।
সমাজমাধ্যম ‘এক্স’-এ সচিন লেখেন, “অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর খবর অত্যন্ত চমকে দেওয়ার মতো। মুম্বইয়ে ঠিক কী হচ্ছে? বাবা সিদ্দিকির খুন, সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা, একাধিক অভিনেতা ও প্রযোজককে হুমকি… মুম্বইয়ের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।”
এর পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তিনি। সচিনের কথায়, “এটা শুধু আইনশৃঙ্খলার অভাব নয়, বরং মনে হচ্ছে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়েছেন!”
বিহারের সঙ্গে তুলনা কংগ্রেস নেতার
মহারাষ্ট্রের পরিস্থিতির সঙ্গে বিহারের তুলনাও টেনেছেন সচিন। তাঁর বক্তব্য, “আমরা এক সময়ে বলতে শুরু করেছিলাম, ‘মহারাষ্ট্র বিহার হয়ে গিয়েছে’। কিন্তু এখন এমন জায়গায় পৌঁছেছি, যেখানে বলছি, ‘বিহারও এর চেয়ে ভাল’।”
মুম্বইকে অপরাধীদের কবলে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে মহারাষ্ট্র সরকারের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা। অন্য দিকে, টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্ত চলছে।
(Feed Source: news18.com)