Job News Mimul Recruitment 2026: মিমুলে ১৩ পদে কর্মী নিয়োগ, মাসে ১৫,০০০ টাকা সাম্মানিক! কারা করতে পারবেন আবেদন?

Job News Mimul Recruitment 2026: মিমুলে ১৩ পদে কর্মী নিয়োগ, মাসে ১৫,০০০ টাকা সাম্মানিক! কারা করতে পারবেন আবেদন?

প্রকল্পভিত্তিক এই নিয়োগের আওতায় ম্যানেজমেন্ট ট্রেইনি (ফিল্ড এক্সটেনশন অ্যাক্টিভিটি), ম্যানেজমেন্ট ট্রেইনি (প্ল্যান্ট অপারেশন), অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ (সেলস)— এই চারটি ভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ১৩টি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজমেন্ট ট্রেইনি (ফিল্ড এক্সটেনশন অ্যাক্টিভিটি) পদে ৬ জন এবং ম্যানেজমেন্ট ট্রেইনি (প্ল্যান্ট অপারেশন) পদে ৪ জনকে নিয়োগ করা হবে। ফিল্ড এক্সটেনশন পদের ক্ষেত্রে যে কোনও শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে দুধ সংগ্রহ, দুগ্ধ সমবায় সমিতির কার্য পরিচালনা কিংবা ফিল্ড এক্সটেনশনের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে, প্ল্যান্ট অপারেশন পদের জন্য বিজ্ঞান শাখায় স্নাতক হওয়া বাধ্যতামূলক এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট পরিচালনা বা দুধ পরীক্ষার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। এই দুই ধরনের ট্রেইনি পদের জন্যই মাসিক সাম্মানিক ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা, সঙ্গে মিলবে ইউনিয়নের নিয়মমাফিক অন্যান্য সুযোগ-সুবিধা।

এছাড়াও অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১ জনকে নেওয়া হবে, যার জন্য বাণিজ্য শাখায় স্নাতক (বি.কম) এবং ট্যালি সফটওয়্যার ব্যবহারের অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। পাশাপাশি প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত সামগ্রী বিপণনের জন্য ২ জন এক্সিকিউটিভ (সেলস) নেওয়া হবে। এই পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে; এমবিএ বা বিবিএ ডিগ্রিধারীরা বাড়তি গুরুত্ব পাবেন। এই দু’টি পদের পারিশ্রমিক আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

প্রতিটি পদের ক্ষেত্রেই প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এবং সন্তোষজনক কাজের ভিত্তিতে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর, যদিও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকের প্রাপ্ত নম্বরের মোট শতাংশের ভিত্তিতে (প্রতিটি স্তরে ১০ নম্বর করে মোট ৩০ নম্বর) এবং ১০ নম্বরের ইন্টারভিউ— অর্থাৎ সর্বমোট ৪০ নম্বরের ভিত্তিতে বাছাই ও মূল্যায়ন করা হবে। তবে দূরশিক্ষা বা বৃত্তিমূলক কোর্সের নম্বর গ্রাহ্য হবে না। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য কোনও যাতায়াত ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব প্রমাণপত্র, অভিজ্ঞতার শংসাপত্র এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা— ‘দ্য মেদিনীপুর কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, অশোক নগর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পিন – ৭২১১০১’। আগামী ৬ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে জেলা প্রশাসনের ওয়েবসাইট (www.paschimmedinipur.gov.in) অথবা সংস্থার নিজস্ব ওয়েবসাইটে (www.mimulmilk.in) নজর রাখতে বলা হয়েছে।
(Feed Source: news18.com)