
Kajli Mach Cleaning Tips: কাজলি মাছ ছোট সাইজের হয়, খুব নরম। কাটতে-বাছতে গিয়ে জিভ বেরিয়ে আসে! একে কুট্টি কুট্টি আঁশ, তায় আবার চাপ লাগলেই মাছ ফেটে যায়। এদিকে বাজার থেকেও ছোট মাছ সাফ করে দেয় না। কাজেই শিখে নিন এই অব্যর্থ কৌশল, বঁটি-ছুরি ছাড়াই ঝটপট পরিষ্কার হবে এত্ত এত্ত কাজলি মাছ
কুচো মাছেদের মধ্যে অন্যতম টেস্টি হল কাজলি মাছ। এটি মূলত নদীর মাছ। গরম ভাতের সঙ্গে কাজলি মাছের চচ্চড়ি কিংবা মুসুর ডালের সঙ্গে কড়কড়ে করে কাজলি মাছ ভাজা থাকলে সব ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু সমস্যা হল, এই মাছ পরিষ্কার করা। এই মাছ একে সাইজে খুব ছোট, তায় আবার ভীষণ নরম। একটা একটা করে মাছ বাছতে গেলে হাত ব্যথা হয়ে যায়! এদিকে বাজার থেকেও ছোট মাছ কেটে-বেছে দেয় না! তাহলে উপায়? শিখে নিন এই অব্যর্থ কৌশল, বঁটি ছাড়াই ঝপ-ঝপাঝপ পরিষ্কার হয়ে যাবে ব্যাগভর্তি কাজলি মাছ–
কানকো-পাখনা কাটা–কাজলি মাছ খুব নরম হয়। তাই বঁটি দিয়ে কাটতে যাবেন না, মাছ হাত ফস্কে বেরিয়ে যাবে বা ফেটে যাবে। কাজেই কাঁচি দিয়ে মাছের কানকো ও পাখনার অংশগুলো ছেঁটে ফেলুন।
নুন দিয়ে কাজলি মাছ পরিষ্কার– কাজলি খুব নরম মাছ। মাছগুলো একটি ঝুড়িতে রেখে নুন দিয়ে হালকা হাতে চটকে নিন। এতে মাছের গায়ে থাকা অতিরিক্ত পিচ্ছিল ভাব ও আঁশ সহজেই পরিষ্কার হয়ে যাবে। পেটের কাছে সামান্য একটু চিরে হালকা চাপ দিন বা আঙুল দিয়ে আলতো টান দিন, এতে নাড়িভুঁড়ি সহজেই বেরিয়ে আসবে।
স্টিলের চামচ দিয়ে আঁশ ছাড়ানো– অনেকেই কয়েন বা ঝিনুকের খোল দিয়ে কাজলি মাছের আঁশ ছাড়ান। স্টিলের চামচ অথবা বাটি দিয়েও ঝটপট আঁশ ছাড়ানো যায়। মাছের লেজের দিক শক্ত করে ধরে মাথার দিকে চামচের ধার দিয়ে ঘষলে এক সেকেন্ডেই সব আঁশ উঠে আসবে। বাইরে ছড়িয়েও পড়বে না। অনেকে অ্যালোপ্যাথি ওষুধের স্ট্রিপ দিয়ে ঘষেও কাজলি মাছর আঁশ ছাড়ান।
চাল ধোয়া জলে মাছ পরিষ্কার– কাজলি মাছ চাল ধোয়া জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে মাছের আঁশ ও গন্ধ দূর হয় এবং মাছের গায়ে লেগে থাকা ময়লা সহজেই নরম হয়ে বেরিয়ে আসে। এরপর সাধারণ জলে মাছগুলো আরও দু’বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিন। মাছ ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে।
প্লাস্টিকের ঝুঁড়ি দিয়ে মাছের আঁশ সাফ– সব বাড়িতেই খাবার ঢাকা দেওয়ার জন্য প্লাস্টিকের ঝুঁড়ি ব্যবহার করা হয়। এই ঝুড়িতে মাছগুলো নিয়ে নিন। এই ঝুড়ির চারপাশে ছিদ্র থাকে। এবার মাছগুলো হাত দিয়ে ছিদ্রর উপরে ঘষে ঘষে বারকয়েক ঘুরিয়ে নিন। ঝাঁঝরির নীচে রাখুন একটা বাটি। এবার কলের তলায় ধরে মাছগুলো ধুয়ে নিন। দেখবেন, সব আঁশ ওই বাটিতে জমা হয়েছে।
(Feed Source: news18.com)
