মার্কিন মিড টার্ম ভোটের ফল বেরোতেই জ্ঞানেশ কুমার খোঁচা দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন অভিজিৎ দিপকে৷
মার্কিন নির্বাচনের ফল নিয়ে জ্ঞানেশ কুমারকে খোঁচা অভিজিৎ দিপকের৷ ছবি- পিটিআই, এএফপি
বিরোধীদের মতোই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করেছে ককরোচ জনতা পার্টি৷ আমেরিকার মিড টার্ম নির্বাচনের ফলের প্রসঙ্গ টেনেও জ্ঞানেশ কুমারকে খোঁচা দিতে ছাড়লেন না ককরোচ প্রধান অভিজিৎ দিপকে৷
আমেরিকার মিড টার্ম নির্বাচনে ডেমোক্র্যাটদের দাপটে ধরাশায়ী হয়ে রিপাব্লিকানরা৷ মার্কিন কংগ্রেসের দুই কক্ষেরই দখল নিয়েছে ডেমোক্যাটরা৷ ফলে প্রেসিডেন্ট থাকলেও বেজায় অস্বস্তিতে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ মিড টার্ম নির্বাচনে এই ফলের পর নিজের মেয়াদের শেষ দু বছরে কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে ট্রাম্পকে৷ এমন কি, আইনসভার দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ডেমোক্র্যাটরা ট্রাম্পের ইমপিচমেন্ট করতে উদ্যোগী হবে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে৷
আমেরিকার মিড টার্ম নির্বাচনের ফলপ্রকাশের পরই সমাজমাধ্যমে পোস্ট করে ককরোচ প্রধান অভিজিৎ দিপকে লেখেন, ‘জ্ঞানেশ কুমার থাকলে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থা হতে দিতেন না৷’
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করা এবং এসআইআর প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে বিরোধীরা৷ কেন্দ্রের শাসক দল বিজেপি-কে সুবিধা পাইয়ে দিতেই জ্ঞানেশ কুমার কাজ করছেন বলেও অভিযোগ বিরোধীদের৷ মুখ্য নির্বাচন কমিনারকে নিয়োগ করতে ২০২৩ সালে আইনে যে সংশোধন আনা হয়েছিল, তাও বাতিল করার দাবি উঠেছে বিরোধী শিবির থেকে৷
যদিও শীর্ষ আদালতে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগই খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ আরও দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনের সব সিদ্ধান্তই ঐক্যমতের ভিত্তিতেই নেওয়া হয়েছে৷৷
যদিও কমিশনের এই যুক্তি মানতে নারাজ বিরোধী শিবির৷ জ্ঞানেশ কুমারের প্রতীকী ইমপিচমেন্ট করতে ইতিমধ্যেই মক পার্লামেন্ট বসিয়েছে বিরোধীরা৷ গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিশাল জমায়েতও করেছিল বিরোধীরা৷ রামলীলা ময়দানের সেই কর্মসূচিতে সরাসরি অংশ না নিলেও বিরোধীদের অবস্থানকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি৷
(Feed Source: news18.com)