
JPMorgan Chase জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ ব্যবস্থায় একটি সফটওয়্যার বাগের কারণে এই সমস্যা তৈরি হয়। এর জেরে ব্যাঙ্কের বিভিন্ন লেনদেনে দেরি হচ্ছিল। ওই সময় পরিস্থিতি স্বাভাবিক করতে সংস্থার প্রযুক্তিবিদরা কাজ শুরু করেন। সমস্যার সূত্রপাত যখন হয় সেই সময় এই ব্যাঙ্কের অনলাইন পরিষেবা ব্যবহার করতে গিয়ে অনেক গ্রাহক একটি মেসেজ পান। সেখানে বলা হয়, কিছু পরিষেবা সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না এবং পরে আবার চেষ্টা করতে হবে।
তবে সমস্যার প্রভাব শুধু JPMorgan Chase-এর গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। Bank of America, Citigroup-সহ অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও লেনদেনে দেরির সম্মুখীন হন। যদিও জানা গিয়েছে, ওই ব্যাঙ্কগুলির নিজেদের পরিষেবায় কোনও সমস্যা ছিল না। JPMorgan Chase-এর মুখপাত্র জো ইভানজেলিস্তি জানান, অন্য ব্যাঙ্কের লেনদেনের তখনই সমস্যা তৈরি হয়েছে যখন কোনও লেনদেনে একটি পার্টনার হিসাবে JPMorgan Chase ছিল।
আমেরিকার জনপ্রিয় টাকা লেনদেনের মাধ্যম Zelle সরাসরি এই প্রযুক্তিগত সমস্যার শিকার হয়নি। Early Warning Services-এর মালিকানাধীন এই নেটওয়ার্ক সম্পূর্ণ সচল ছিল বলে ওই সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন। তবে এটাও জানানো হয়েছে যে অন্য ব্যাঙ্কের কোনও গ্রাহক যদি JPMorgan Chase-এর গ্রাহককে Zelle-এর মাধ্যমে টাকা পাঠাতে বা তাঁর কাছ থেকে টাকা গ্রহণ করতে চান, সেক্ষেত্রে লেনদেনে দেরি হতে পারে।
এর পিছনে কি বিরাট কোনও সাইবার হামলার ব্যাপার জড়িয়ে রয়েছে? JPMorgan Chase স্পষ্ট জানিয়েছে, এই সমস্যার পিছনে কোনও সাইবার হামলার ঘটনা নেই। এটি একটি বিচ্ছিন্ন প্রযুক্তিগত ত্রুটি। সংস্থার দাবি, গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট এবং সেখানে থাকা অর্থ লেনদেন করতে পারছিলেন। একই সঙ্গে এই ব্যাঙ্ক এটাও জানিয়েছিল, সোমবারের মধ্যেই তাদের এই সমস্যা মিটে যাবে। পরপর তিনটি ঘটনায় প্রযুক্তিগত সমস্যার কারণে আমেরিকার গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হলেও, এগুলির মধ্যে কোনও যোগসূত্র নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাগুলি জানিয়েছে।
বৃহস্পতিবার মাইক্রোসফটের প্রযুক্তিগত সমস্যার কারণে Outlook, Teams এবং Copilot-সহ একাধিক পরিষেবা কয়েক ঘণ্টার জন্য ব্যাহত হয়েছিল। সংস্থার বক্তব্য অনুযায়ী, একটি আপগ্রেডের সময় তৈরি হওয়া প্রযুক্তিগত ত্রুটি থেকেই এই সমস্যা হয়েছিল। এর পিছনে সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনও এজেন্টের ভূমিকার প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে, শুক্রবার আমেরিকার বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। একটি রাউটার বিকল হয়ে পড়ায় পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা অতিরিক্ত চাপের মুখে পড়ে। এর ফলে কয়েক ঘণ্টার জন্য আমেরিকার সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখতে হয় এবং সপ্তাহান্তেও বিমান চলাচলে বিঘ্ন ঘটে।
সব মিলিয়ে, কয়েক দিনের ব্যবধানে প্রযুক্তিগত ত্রুটির কারণে আমেরিকার তথ্যপ্রযুক্তি, বিমান চলাচল এবং ব্যাঙ্কিং পরিষেবার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাতে এই পরিষেবাগুলোর প্রযুক্তিগত পরিকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
