বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; বেরিয়ে গেলেন সাংসদ

বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; বেরিয়ে গেলেন সাংসদ

 

ডিসেম্বরে বাংলাদেশ ফিরতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে পড়শি দেশে। সেই আঁচ এবার ছড়িয়ে পড়ল ইংল্য়ান্ডের রাজপথে। সোমবার পূর্ব লন্ডনের রমফোর্ডে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ (এনসিপি)-র প্রধান নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের সমর্থক ও আওয়ামী লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে গেল। ঘটনায় চার-পাঁচজন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেন বাংলাদেশের রাজনীতিক।

ঢাকা ট্রিবিউন ও প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে মেফেয়ার হলের বাইরে হিংসার ঘটনা ঘটে। বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১১ আসনের প্রতিনিধি নাহিদ ইসলামের সম্মানে ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের পরপরই এই হিংসার সূত্রপাত হয়।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন ভেন্যুর বাইরে আওয়ামী লিগের কর্মী ও সমর্থকরা জড়ো হন। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বক্তব্য, তাঁরা অনুষ্ঠানে আগত অতিথিদের লক্ষ্য করে ডিম ও জলের বোতল নিক্ষেপ করছিলেন এবং হলের বাইরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

অনুষ্ঠান শেষ হওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। আওয়ামী লিগ ও এনসিপি কর্মীরা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করার এক পর্যায়ে হলের পেছনের রাস্তায় হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, এই সংঘর্ষ প্রায় ২০ মিনিট ধরে চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং ভিড় ছত্রভঙ্গ করতে বারবার লাঠিচার্জ করতে হয়। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, অন্তত চারজন আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, পাঁচজন আহত হয়েছেন এবং তাঁদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নাহিদ বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি মুখোমুখি হওয়া এড়িয়ে চলেন। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, তিনি সংবর্ধনা অনুষ্ঠান শুরুর তিন ঘণ্টা আগে মেফেয়ার হলে প্রবেশ করেন এবং সামনের দিকে বিক্ষোভকারীরা জড়ো হওয়ায় পেছনের একটি পথ দিয়ে বেরিয়ে যান।

এরপর মঙ্গলবার ফেসবুকে এক বিবৃতিতে নাহিদ অভিযোগ করেন যে, পলাতক ও চরমপন্থী আওয়ামী লিগ কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”