
জানা গিয়েছে এই ঘটনা গত ১৩ নভেম্বরের। মধ্যপ্রদেশের সিওনির একটি হোটেলে এক অবিবাহিত প্রাপ্তবয়স্ক যুগলের সঙ্গে কথা বলছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্র। সেই সময় ওই তরুণী পুলিশ আধিকারিকদের জানান, তাঁরা ২ জনেই প্রাপ্তবয়স্ক। এবং ভবিষ্যতে বিয়ে করার ইচ্ছা রয়েছে তাঁদের। তবে পুলিশ আধিকারিকরা বারবার তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য চাপ দিতে থাকেন।
অভিযোগ, তরুণী নিজের মোবাইল ফোনের লক খুলতে এবং পরিবারের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় দীপক মিশ্রকে তাঁর সহকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, ওই যুবকের ব্যাগে কিছু গাঁজা রেখে দিতে। ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে ওই পুলিশ অফিসার বলছেন যুবকের ব্যাগে গাঁজা রেখে দেওয়ার কথা। অর্থাৎ, যুবককে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর জন্য তাঁর ব্যাগে গাঁজা রাখার নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
ভিডিওতে ওই পুলিশ আধিকারিককে যুগলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায়। অভিভাবকদের না জানিয়ে কেন তাঁরা একসঙ্গে সময় কাটাচ্ছেন, তা নিয়ে তাঁদের ভর্ৎসনা করা হয়। এই ঘটনায় পুলিশের ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
শুধু যুগলকে হেনস্থার অভিযোগই নয়, সংশ্লিষ্ট হোটেলের মালিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তুলেছেন। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, হোটেল মালিক সঞ্জু সানোদিয়ার দাবি, স্থানীয় পুলিশের কয়েকজন আধিকারিক তাঁর কাছে প্রতি মাসে ২৫ হাজার টাকা দাবি করেছিলেন। অভিযোগ অনুযায়ী, কোতোয়ালি থানার টিআই সতীশ তিওয়ারি, এসডিওপি চঞ্চলেশ মার্কাম এবং ট্রাফিক ইন্সপেক্টর বিজয় বাঘেল এই টাকা চেয়েছিলেন। সেই দাবি মেনে না নেওয়াতেই হোটেলে অভিযান চালানো হয় বলে অভিযোগ তাঁর।
সঞ্জু সানোদিয়ার আরও দাবি, পুলিশের এই আচরণ প্রকাশ্যে আনতেই তিনি নিজে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এরপর থেকেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটমাধ্যমে ক্ষোভ তৈরি হয়।
