কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ! এ বার কোর্টের নির্দেশে খোলা হবে ব্যাঙ্কের লকার

কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ! এ বার কোর্টের নির্দেশে খোলা হবে ব্যাঙ্কের লকার

#কাঁথি, পূর্ব মেদিনীপুর: রাজ্যজুড়ে জোর চর্চায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। একাধিক ফ্ল্যাটে কোটি কোটি টাকার পাহাড়ের ছবি। এ বারে কলকাতার পাশাপাশি পূর্ব কাঁথির পুরসভার সহকারী ইঞ্জিনিয়ারের বহির্ভূত কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ। সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। সম্পত্তির খোঁজ পাওয়ার পাশাপাশি সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরার ব্যাঙ্কের লকার খোলার নির্দেশ দিল পূর্ব মেদিনীপুর জেলা আদালত। ৩ অগাস্ট বুধবার অভিযুক্ত দিলীপ বেরাকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারপতি ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, কাঁথি পুরসভা সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরার সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১৯ লক্ষ ৫২ হাজার ৯৪৭ টাকা। আনুমান, ২০০০ সালের আগে দিলীপ বেরা কাঁথি পৌরসভার কাজে যোগ দেন। জানা গিয়েছে, ৩০ এপ্রিল ২০২২ সাল পর্যন্ত বেতন বাবদ অ্যাকাউন্টে ঢুকেছে ৮৯ লক্ষ ৯৫ হাজার ৮৬৯ টাকা। তারপরেও কী করে নিজের ও স্ত্রীর নামে বিপুল সম্পত্তি এল, তা তদন্ত করে দেখছে কাঁথি থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা।

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জুন কাঁথি শহরের রাঙামাটি শ্মশানে স্টল নির্মাণের দুর্নীতির অভিযোগ তুলে সরব হন কাঁথি পুরসভার বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না। লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে নাম উঠে আসে পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলিপ বেরা-সহ আরও কয়েকজনের নাম। পুলিশ পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে গ্রেফতার করে।

তদন্ত নেমে পুলিশ সহকারী ইঞ্জিনিয়ারের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পায়। আর ইঞ্জিনিয়ার দিলীপ বেরার সম্পত্তি দেখে চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিমা, ফিক্সড ডিপোজিট ওই ইঞ্জিনিয়ারের স্ত্রীর নামে প্রায় দু’কোটি টাকা রয়েছে। ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে জমি কিনেছেন। গাড়ি, সোনা কিনে ব্যায় করেছেন আরও ৮ লক্ষ টাকা। শুধুমাত্র কাঁথি সেন্টাল বাসস্ট্যাণ্ড জনমঙ্গল সমিতিতে রয়েছেন ১ কোটি ২৭ লক্ষ ১৩ হাজার ৭১৭ টাকা। স্ত্রীর নামে একটি বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট পরিমাণ ১৭ লক্ষ ৩০ হাজার টাকা।

এ ছাড়াও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিজের ফিক্সড ডিপোজিট রয়েছে ১৫ লক্ষ টাকা। এছাড়াও একাধিক বীমা সংস্থার কাছে লক্ষ লক্ষ টাকা রেখেছেন বলে পুলিশ তদন্তে উঠে এসেছে। পাশাপাশি পুলিশি তদন্তে উঠে এসেছে ইঞ্জিনিয়ার দিলীপ বেরার জনমঙ্গল সমবায় সমিতি ব্যাঙ্কের একটি লকার। এই ব্যাঙ্ক লকারটি তদন্তের স্বার্থে খোলার নির্দেশ দিয়েছে জেলা আদালত। এ প্রসঙ্গে সরকারি পক্ষের আইনজীবী বদ্রু আলম মল্লিক জানান, ‘অভিযুক্ত সহকারি ইঞ্জিনিয়ারকে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক লকার খোলার নির্দেশ দিয়েছেন বিচারক।’

Saikat Shee

Published by:Shubhagata Dey

(Source: news18.com)