শিবরাজ, গড়করি বাদ! কোন পথে ’২৪-এর ছক সাজাচ্ছে গেরুয়া শিবির

শিবরাজ, গড়করি বাদ! কোন পথে ’২৪-এর ছক সাজাচ্ছে গেরুয়া শিবির

#নয়াদিল্লি: হেভিওয়েট নেতা তাঁরা। জাতীয় স্তরে বিজেপির নীতি নির্ধারণে চিরকাল তাঁদের বড় ভূমিকা থেকেছে। আর এক জন মধ্যপ্রদেশের শীর্ষ নেতা, যে রাজ্য থেকে লোকসভায় অনেকগুলো আসন রয়েছে। সেই শিবরাজ সিং চৌহানকে সংসদীয় বোর্ড ও নির্বাচনী কমিটি থেকে বাদ দিল বিজেপি। বাদ পড়লেন নীতিন গড়করিও। যাঁকে নিয়ে একাধিক বার মোদি সরকারকে নানা মন্তব্যে বিতর্ক তৈরি করেছে। তাঁকেও এ বার ঝেড়ে ফেলল বিজেপি। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

মহারাষ্ট্রে ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই বিহার হাতছাড়া হয়েছে। তার মধ্যেই নতুন করে সংসদে ও নির্বাচনী ময়দানে লড়াইয়ের ছক তৈরি করল বিজেপি। বুধবার নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করলেন দলের সংসদীয় বোর্ড ও নির্বাচনী কমিটির সদস্যদের নাম। উল্লেখযোগ্য ভাবে সেই কমিটি থেকে বাদ পড়লেন নীতিন গড়করি ও শিবরাজ সিংহ চৌহান।

যে সংসদীয় বোর্ড গঠিত হল, তাতে সদস্য সংখ্যা ১১। সদস্য হিসাবে রয়েছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রয়েছেন, রাজনাথ সিং, বি এস ইয়েদুরাপ্পা, উল্লেখ্য তিনি কমিটির নতুন সদস্য। এ ছাড়া রয়েছে, সর্বনান্দ সোনওযাল, কে লক্ষণ, ইকবাল সিং লালপুরা, সুধা যাদব, সত্যনারায়ণ জেটিয়া, বিএল সন্তোষ।

এ ছাড়া যে নির্বাচনী যে কমিটি তৈরি হয়েছে, তাতে মোট সদস্য রয়েছেন ১৫ জন। সেই সদস্য তালিকায় সংসদীয় বোর্ডের ১০ জন রয়েছেন, শুধু সেই কমিটির বিএল সন্তোষ নেই নির্বাচনী কমিটিতে। এ ছাড়াও রয়েছেন, ভুপেন্দ্র যাদব, দেবেন্দ্র ফড়নবিশ, ওম মাথুর, বিএল সন্তোষ, বনথী শ্রীনিবাস। এ দিকে মঙ্গলবার বিহার বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বিহারের রাজনৈতিক কৌশল কী হওয়া উচিত, তা নিয়ে আলোচনা হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এ ছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সে রাজ্যে দলের কৌশল কী হতে পারে, তা নিয়েও বিস্তারিত কথা হয়েছে বলে শোনা গিয়েছে। বৈঠকে অমিত শাহের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা।

রাজীব চক্রবর্তী

Published by:Uddalak B

(Source: news18.com)