
#কলকাতা: একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে সিবিআই-এর তদন্তে। অনুব্রত মণ্ডল ও গরুপাচার কাণ্ডের তদন্তে শুক্রবার ভোলে ব্য়োম রাইস মিলে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানে গিয়ে গাড়ির বাহার দেখে চোখ কপালে ওঠে সিবিআই আধিকারিকদের। শনিবার ভোলে ব্য়োম রাইস মিল থেকে পাওয়া নথি ও অন্য় তথ্য খতিয়ে দেখতে গিয়ে তাঁরা দেখেন, আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে এই সংস্থার নামে।
বলা হয়েছে, বালি-পাথর পাঠাতে যে ধরনের ডাম্পার ব্য়াবহার করা হয়, সেগুলি কেনা হয়েছে এই রাইস মিলের নামে। অন্য় দিকে, জিএসটি দেওয়ার একটি নথিও পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেটি বিচার করে সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে, দুর্গাপুরের একটি শো-রুম থেকে একটি গাড়ি কেনা হয়েছিল এই রাইস মিলের নামে। সেই গাড়ির দাম নাকি প্রায় দেড় কোটি টাকা। সেই গাড়ির জিএসটি জমা করা হয়েছিল বলেও দেখা গিয়েছে। জিএসটি বাবদ এই গাড়ির জন্য় ২৮ লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলেও খবর।
বীরভূমে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে চলা মূল দুটি রাইস মিল ভোলে বোম রাইস মিল (কালিকাপুর, বোলপুর) এবং শিব শম্ভু রাইস মিল নিয়ে (বাঁধ গোড়া, শান্তিনিকেতন) সেখানেই শুক্রবার দিনভোর তল্লাশি চালায় সিবিআই। ভোলে বোম রাইস মিলে তল্লাশিতেই উদ্ধার হয় বহু সম্পত্তির নথি। পাশাপাশি বেশ কয়েকটি দামি গাড়ির সন্ধান মেলে, যেগুলি মিলের মধ্যেই ছিল।
