
Movies
oi-Moumita Bhattacharyya
আবারও এক গৃহবধূর স্বপ্নপূরণের কথা শোনাবে অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী সিনেমা ‘বৌদি ক্যান্টিন’। শনিবারই এই সিনেমার টিজার সামনে এসেছে। যা দর্শকদের খুবই পছন্দ হয়েছে। প্রসঙ্গত, পরিচালক হিসাবে পরমব্রতর বাংলা সিনেমায় আত্মপ্রকাশ বহু আগেই হয়ে গিয়েছিল। ‘বৌদি ক্যান্টিন’ সেই তালিকায় নতুনভাবে যুক্ত হল।
‘বাঙালি বাড়িতে মেয়ে মানেই টিচার আর ছেলে মানেই সরকারি চাকরি’ এই বস্তাপচা ধারণাকে ফের মনে করিয়ে দেবে পরমব্রতর এই সিনেমা। এক গৃহবধু, যিনি পেশায় শিক্ষিকা হলেও নিজের মুক্ত খুঁজে পান রান্নাঘরে আর তাঁর সেই স্বপ্নপূরণ নিয়ে এই সিনেমার গল্প বোনা হয়েছে। এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম পৌলমী, যিনি পরমব্রতর স্ত্রী এবং একজন শিক্ষিকা। তবে পৌলমীর হাতের রান্নার সুখ্যাতি স্বামীর অফিস থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত। কারণ পৌলমী রান্না করতে ভীষণ ভালোবাসেন। টিজারে দেখা গিয়েছে, আটপৌরে শাড়িতে শুভশ্রী স্কুলে পড়ানোর পাশাপাশি তাঁর সংসার ও রান্না সমানভাবে সামলাচ্ছেন। কিন্তু বাধ সাধবে তাঁর ভালোলাগাকে পেশা করার ক্ষেত্রে। এরপর পৌলমীর জীবনেও আসতে থাকে ওঠাপড়া। স্বামীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আর এই নিয়েই ‘বৌদি ক্যান্টিন’-এর গল্প ক্রমশঃ এগিয়ে চলবে।
‘বৌদি ক্যান্টিন’-এর গল্পের বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবন নিয়ে। তিনি তাঁর হাতের গুণে মুগ্ধ করেছেন সকলকে। লন্ডনে একাধিক রেস্তরাঁও রয়েছে তাঁর। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন। চিত্রনাট্যে অবশ্য কলম চালিয়েছেন খোদ পরমব্রতও। টিজারের শেষে শুভশ্রী প্রশ্ন করেছেন, ‘মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া?’ উত্তর হয়ত পাওয়া যাবে এই সিনেমায়। টিজারে সমাজের প্রচলিত ধ্যান-ধারণা যা একমাত্র মেয়েদের ওপর বর্তায় সেগুলিকে ভাঙতে দেখা যাবে। এক মহিলার নিজেকে খুঁজে নেওয়ার গল্প যেখানে রয়েছে সঠিক পরিমাণে টক ঝাল আর মিষ্টি।
এই ছবিতে অভিনয় করছেন সোহম। এছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে। ‘হাবজি গাবজি’র পর ফের স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী-পরমব্রত। পুজোর সময়ই এই সিনেমাটি মুক্ত পাবে। ছবির টিজার শনিবার শেয়ার করেছেন সকল কলাকুশলী। শুভশ্রী এই টিজার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এবার পুজোয় পেটপুজো করতে বৌদি ক্যান্টিনে যাওয়া মাস্ট! ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে ভুরিভোজ করা যাক!’
(Source: oneindia.com)
