বাংলাদেশঃ জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনে আসুন

বাংলাদেশঃ জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনে আসুন

সান নিউজ ডেস্ক: বিএনপি নেতাদের উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসুন, প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখবেন কার কতো ভোট আছে। কে কতো জনপ্রিয়, পরিষ্কার হয়ে যাবে।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন. ‘আজকে যারা মানবাধিকার ও গুমের কথা বলেন; খুনের কথা বলেন, আবার বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করবেন। গুম আর খুনের জন্য এ কথাও প্রকাশ্যে বলেন। ফখরুল সাহেব একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি।’

জিয়াউর রহমান কেন বঙ্গবন্ধু হত্যাকারীদের রক্ষা করতে সংসদে আইন পাস করলেন। এই প্রশ্ন করলেই আপনি এড়িয়ে যান। জবাব পাই না। এবার দেখলাম ১৫ তারিখে খালেদা জিয়ার জন্মদিন আরেকটু আড়াল করে ১৬ আগস্ট দোয়া মাহফিল…দোয়া মাহফিল তার জন্য করেন আপত্তি নেই, কিন্তু ভুয়া জন্মদিনের দোয়া মাহফিল এখানে গোটা জাতির আপত্তি আছে।

একজন মানুষের কয়টা জন্মদিন থাকে- সেই প্রশ্ন রেখে তিনি বলেন, সর্বশেষ করোনা টেস্ট কিছুদিন আগে ৬ নম্বর জন্মদিন হলো। ৬টি জন্মদিবস। একটা মানুষের এতো জন্মদিবস কীভাবে থাকে ফখরুল সাহেব? সত্যের মুখোমুখি হতে কেন ভয় পান? জানতে চেয়েছিলাম আপনার কাছে, চট্টগ্রামে লাশ ঢাকায় আসলো। সেই লাশ চন্দ্রিমা উদ্যানে জানাজা শেষে সমাধি হলো। এই সময়টা জিয়াউর রহমানের একটা ছবি দেখাতে পারবেন? তিনি ওই কফিনে আছেন এর প্রমাণ নেই।

‘পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলেন। তার লাশেরও কোনও খবর ছিল না। ইসলামাবাদের ফয়সাল মসজিদের সামনে অনেক সাংবাদিক মন্তব্য করেছিলেন এই কফিনে জিয়াউল হক নেই। ওখানে জিয়াউল হক নেই। এখানে জিয়াউর রহমান নেই। এই প্রশ্নের জবাব দিতে হবে।’

এসময় মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কার বিচার করবেন? আপনাদের অনেকের বিচার বাকি রয়েছে। আদালত শুধু প্রচলিত আদালত নয়, ইতিহাসের আদালত; জনতার আদালতও আছে, নিয়তির আদালতও আছে।

‘একুশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছেন। কতো নারীর সম্ভ্রম নষ্ট করেছেন। ভুলে গেছেন আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, শাহ এস এম কিবরিয়া; এভাবে কতজন….যশোরের সাংবাদিক শামসুর রহমান, খুলনার মানিক লাল, বালু ভাই, কতো হত্যাকাণ্ড এই বাংলায় সংগঠিত করেছেন। এগুলোর বিচার হবে না? এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? আওয়ামী লীগের এতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, বিচারের মুখোমুখি আরও বাকি আছে।’

তিনি বলেন, নিজের দলের জামালউদ্দিনকে চট্টগ্রামে অপহরণ করে তাকে হত্যা করা হলো। পরে জানা গেলো জামালউদ্দিনকে হত্যা করেছে বিএনপি। সেই গুমের খবর কি ফখরুল সাহেব জানতেন না? লালবাগে আমাদের মাহফুজ বাবুকে ধরে নিয়ে গুম করেছেন আজ পর্যন্ত কেউ জানে না, তার পরিবার জানে না। এর জবাব দেবেন কি ফখরুল সাহেব?

‘সত্যি যারা গুম হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ এমন কোনও ঘটনা থাকলে প্রয়োজনে তদন্ত করে বের করা হবে। এখানে আমাদের কোনও ভয় নেই। সত্য সত্যই। নিজের দলের লোকদের শাস্তির ব্যবস্থা করতে শেখ হাসিনা এ যাবত কখনও কুণ্ঠিত হয়নি। দলের লোক অন্যায় করে বিনা শাস্তিতে পার হওয়ার উপায় নেই।’

এসময় মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ভয়কে যারা জয় করতে জানে না তাদের রাজনীতি করার কোনও অধিকার নেই। এরা কাপুরুষ। কাজেই ভয়কে জয় করতে শিখুন। ১৩ বছর ধরে চিৎকার করছেন জনগণ সাড়া দেয়নি।

তিনি বলেন, শেখ হাসিনা তেলের দাম কমিয়ে দেন। পৃথিবীতে তেলের দাম কমিয়ে দেওয়ার কোনও নজির নেই। সেটাও আপনারা কটূক্তি করেছেন। ধন্যবাদ না জানিয়ে কটূক্তি করছেন। এটা হচ্ছে বিএনপির রাজনীতি।

এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, কোনও অবস্থাতেই মাথা গরম করা যাবে না। আমরা কাউকে আক্রমণ করবো না। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে।

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

সান নিউজ/এনকে